পানির নিচে পচছে বোরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রায় ২২ হাজার একরের শনির হাওরের ফসলরক্ষা বাঁধটি টিকিয়ে রাখতে দিনরাত কাজ করছেন স্থানীয় কৃষকেরা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রায় ২২ হাজার একরের শনির হাওরের ফসলরক্ষা বাঁধটি টিকিয়ে রাখতে দিনরাত কাজ করছেন স্থানীয় কৃষকেরা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

‘চৈত্র মাসে এভাবে পানিতে ধান নিতে দেখছি না। বৈশাখ মাসে বৃষ্টি অইতো। কৃষকেরা পাকনা ধান কিছু অইলেও তুলতে পারত। এইবার ধান না পাকায় কেউ এক মুইঠ ধানও তুলতে পারেনি।’ এই আক্ষেপ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক মো. আলীর।

অসময়ের ভারী বৃষ্টি আর উজানের ঢলে বাধ ভেঙে মৌলভীবাজারসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের শত শত হাওরের লাখ লাখ একর জমির বোরো ধানসহ ফসলি জমি তলিয়ে গেছে গত কয়েক দিনে। পানি বৃদ্ধি এখনো অব্যাহত আছে। নতুন করে প্লাবিত হচ্ছে বোরো খেত। এর মধ্যে প্রথম দিকে তলিয়ে যাওয়া খেতের ধান পচতে শুরু করেছে পানির নিচে।

জীবন-জীবিকার অবলম্বন একমাত্র ফসল হারানোয় হাওরাঞ্চলের গ্রামগুলোতে এখন উৎকণ্ঠা ও শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দাবি উঠেছে ‘দুর্গত এলাকা’ ঘোষণা করার জন্য। এই দাবিতে গতকাল বুধবার কয়েকটি জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সংশ্লিষ্ট জেলাগুলো থেকে প্রতিনিধিদের পাঠানো খবর:

গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সুনামগঞ্জের বিভিন্ন হাওরে আরও প্রায় ৮০ হাজার একর জমির ধান ঢলের পানিতে তলিয়ে গেছে। কৃষি বিভাগের হিসাবে, গতকাল পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৫৪ একর জমির ধান তলিয়েছে।

গতকাল সুনামগঞ্জে দিনভর ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকায় হাওরে পানি বাড়ছে। এখনো যে দু-একটি হাওর টিকে আছে, সেগুলোর ফসল রয়েছে চরম ঝুঁকিতে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাওর ঘুরে গতকাল বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হান্নান সাংবাদিকদের বলেছেন, ইতিমধ্যে জেলার ৫০ শতাংশ বোরো ধান তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতি আরও বাড়বে। পুরো হিসাব পেতে তিন-চার দিন সময় লাগবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, সীমান্তের ওপারে প্রচুর বৃষ্টি হওয়াতেই বেশি সমস্যা হচ্ছে। ব্যাপক হারে ঢল নামছে। অসময়ে এত ঢল ও বৃষ্টিপাত সুনামগঞ্জবাসী আগে কখনো দেখেনি।

সুনামগঞ্জে একের পর এক হাওরে ফসলডুবি ও ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গতকাল বেলা ১১টায় পৌর শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। বেলা তিনটায় পৌর শহরের আলফাত স্কয়ারে সমাবেশ করেছে জাতীয় পার্টি।

এ ছাড়া দুপুর ১২টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এ সময় তিনি সারা বছর সুনামগঞ্জে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি চালু রাখার দাবি জানান।

সিলেট বিভাগের চার জেলার অধিকাংশ বোরো ফসলি হাওর পানিতে তলিয়ে যাওয়ায় ওই সব এলাকাকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে গতকাল। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাওর রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন মানববন্ধন ও সমাবেশ থেকে হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ আরও ছয়টি দাবি উত্থাপন করে। এই দাবিগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন, ১০ টাকা কেজি দরে চাল প্রদান, বিনা মূল্যে কৃষি উপকরণ প্রদান, ৫ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ও এনজিও ঋণ মওকুফ, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার আরও নয়টি ফসলরক্ষা বাঁধ ভেঙে গেছে। জেলার নয়টি উপজেলায় গতকাল বিকেল পর্যন্ত ৩০ হাজার ৪৪০ হেক্টর জমির ফসল প্লাবিত হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, ধনু নদ দিয়ে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার রাত থেকে গতকাল বিকেলের মধ্যে খালিয়াজুরির মেন্দিপুর ইউনিয়নের ২০টি ছোট-বড় হাওরের ৭০ থেকে ৮০ শতাংশ বোরো ধান নতুন করে তলিয়ে গেছে।

জেলা কৃষি অফিসের হিসাবে, এ পর্যন্ত ৭৭ হাজার ৫০০ কৃষক পরিবারের ১ লাখ ৭৩ হাজার ৫০৮ মেট্রিক টন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে এবং উজানের পানির ঢলের চাপে বহু ফসলরক্ষা বাঁধ ভেঙে পড়েছে। জেলা কৃষি কার্যালয়ের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার নতুন করে আরও ১ হাজার ১১৫ হেক্টর জমির

ধান তলিয়ে যায়। এ পর্যন্ত হাওরাঞ্চলের ১৯ হাজার ৭০৩ হেক্টর বোরো জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।

মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার হাকালুকি হাওরে ফসলহানিতে দুর্গত এলাকায় সরকারি উদ্যোগে খোলাবাজারে চাল বিক্রির দোকান (ওএমএস) চালুর দাবি উঠেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা এ দাবি জানিয়েছেন।

দুই উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কুলাউড়ায় প্রায় ১৬ হাজার একর ও জুড়ীতে ১৪ হাজার একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গতকাল পর্যন্ত কুলাউড়ায় ১১ হাজার একর ও জুড়ীতে ১২ হাজার একরের ফসল তলিয়ে গেছে।