মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওর এলাকায় জলাবদ্ধতার কারণে রাজনগর ও সদর উপজেলার প্রায় ২৬ হাজার একর আমন চাষের জমি এখনো পানির নিচে। আমনের চারা রোপণের সময় শেষ হয়ে এলেও পানি কমছে না। এ অবস্থায় স্থানীয় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।
মনু নদ প্রকল্পের কাউয়াদিঘি হাওরের কাশিমপুরে স্থাপিত পাম্পহাউসের মাধ্যমে হাওর থেকে যথাযথভাবে পানি নিষ্কাশন করতে না পারায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলী মো. শামছুল হক বলেন, পাম্পের আটটি রেগুলেটর খোলা। এরপরও হাওরে পানি বেড়েছে। সারা দিন সেচ দিলেও হাওরের পানি কমবে না। পানির তুলনায় রেগুলেটর ছোট। হাওরে রেগুলেটরের ক্ষমতার ৫০ গুণ বেশি পানি রয়েছে। এ ছাড়া এই পাম্প ৩৫ বছরের পুরোনো। এই রেগুলেটর দিয়ে পানিনিষ্কাশন সম্ভব না। নতুন রেগুলেটর লাগবে।
রাজনগর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ৩১ হাজার একর জমিতে এ বছর আমন চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ছয় হাজার একরের মতো জমিতে আবাদ হয়েছে। জলাবদ্ধতার কারণে অবশিষ্ট ২৫ হাজার একরে আমন চাষ করা যাচ্ছে না। অপরদিকে সদর উপজেলার একাটুনা ও আখাইলকুড়া ইউনিয়নের প্রায় এক হাজার একর আমন চাষের জমি পানিতে তলিয়ে আছে।
সরেজমিন দেখা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা, আমীরপুর, সারমপুর, মুন্সীবাজারের মেদেনিমহলসহ বিভিন্ন এলাকায় আমন চাষের জমিতে এখন পানি থইথই করছে। অনেক লোক পানিবন্দী। নৌকা ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না তাঁরা। সারমপুর গ্রামের আমনের অনেক চারা জমিও পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। উপজেলার ফতেহপুর ইউনিয়নের পুরো এলাকার আমন চাষের জমি এখন পানির নিচে।
সারমপুর গ্রামের লেবু মিয়া প্রথম আলোকে বলেন, ‘পানিয়ে আলি নিছেগি (হালি চারা ডুবিয়ে দিয়েছে)। জমি অখনো পানির নিচে। এইবার চাষ অইব বলি কোনো ভরসা পাই না।’
কৃষকেরা বলেন, জলাবদ্ধতার কারণে গত বছরও অনেক কৃষকের পক্ষে আমন চাষ করা সম্ভব হয়নি। এতে অনেকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। রাজনগর উপজেলার মুন্সীবাজারের মো. ওস্তার মিয়া বলেন, একে তো ধানের দাম আর খরচের মধ্যে কোনো মিল নেই। এর সঙ্গে আবার পানি। কৃষকেরা চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।
অনেকে অভিযোগ করেছেন, মনু নদ প্রকল্পের কাউয়াদিঘি হাওর ও কুশিয়ারা নদীর সংযোগস্থলে স্থাপিত কাশিমপুর পাম্পহাউস দিয়ে হাওরের পানি নিষ্কাশন না করাতেই এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে।
এ বিষয়ে পাউবো মৌলভীবাজার কার্যালয়ের যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলী মো. শামছুল হক বলেন, পাম্পহাউসটি যেভাবে নকশা করা হয়েছিল, সেভাবে নির্মাণ করা হয়নি। মনু নদ প্রকল্প বাস্তবায়নের সময় ভাটেরা পাহাড় থেকে কাউয়াদিঘিতে নেমে আসা ১৭টি ছড়ার (খাল) পানি কুশিয়ারা নদীতে নিয়ে ফেলার কথা ছিল। কিন্তু তখন সেটা করা হয়নি। এখন এসব ছড়ার পানি এসে হাওরে নামছে। এতে করে জলাবদ্ধতা দীর্ঘায়িত হচ্ছে।