পানির নিরাপত্তায় কাজ করার আহ্বান
‘নদনদী, খালেবিলে দূষণ চলে যদি, জনগণের দুঃখ তাতে বাড়বে নিরবধি’—এ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বুধবার বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বরিশাল, ফরিদপুর, সাতক্ষীরা, নড়াইল, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশালে আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে পানির ভাগ বেশি হলেও নিরাপদ পানির অভাব প্রকট। নানা কারণে আমরা পানি দূষিত করছি। পানির নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধি করা দরকার। আলোচনা সভায় পানির নিরাপত্তায় কাজ করার আহ্বান জানান বক্তারা। এর আগে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল হলেও মূলত ব্যবহারের উপযোগী হচ্ছে নদী-খালবিলের পানি। নিরাপদ পানির সংকট তীব্র। পৃথিবীর মোট পানির মাত্র ০.০০১ ভাগ ব্যবহারের উপযোগী। নানা কারণে আমরা সীমিত সম্পদ পানির উৎস দূষিত করে ফেলছি। নদী-খালবিলের পানিদূষণরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউনিসেফ বরিশাল বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা মো. ফোরকান, বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশ কর্মকর্তা জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তারা।
অন্যান্য জেলা শহরেও পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার দাবিতে অনুরূপ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।