পানির ন্যায্য হিস্যা মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা পেতে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেন, ভারত থেকে বয়ে আসা ৫৪টি অভিন্ন নদী থেকে পর্যাপ্ত পানি না আসায় বাংলাদেশের কৃষি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বাংলাদেশের সরকারগুলো মেরুদণ্ডহীনতার কারণে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারছে না।
জাতীয় প্রেসক্লাবে ‘অভিন্ন নদীতে ভারতের আগ্রাসী নীতি’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে গণসংহতি আন্দোলন। বক্তারা জাতিসংঘের অভিন্ন নদীবিষয়ক চুক্তি ‘কনভেনশন অব দ্য ল অব নননেভিগেশন ইউজেস অব ইন্টারন্যাশনাল ওয়াটারকোর্সেস’-এ স্বাক্ষর করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ‘আমাদের এখানে যারা সরকারে থাকে, তাদের লোকেরা নদীতে পানি না এলে খুশি হয়। কেননা, এতে নদী মরে গিয়ে জমিতে পরিণত হয়। আর তারা ওই জমি দখল করতে পারে। ফলে তারা নৈতিকভাবেও ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চাওয়ার শক্তি পায় না।’
গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকির সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুক্তরাজ্যের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকা স্টাডিজের অধ্যাপক মুশতাক খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হোসেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, পানি বিশেষজ্ঞ ম ইনামুল হক, সাংস্কৃতিক কর্মী অরূপ রাহী প্রমুখ।