সিলেট নগরের বিভিন্ন রাস্তার নিচ দিয়ে সিটি করপোরেশনের পানি সরবরাহের পাইপ বসানো হয়েছিল। তবে তিনটি রাস্তার নিচে স্থাপিত পাইপগুলো প্রায় সময়ই ফুটো হয়ে অনবরত পানি নির্গম হতে থাকে। এ কারণে সেসব রাস্তায় পানি মাটি চুইয়ে উপরিভাগে উঠে আসে। এ অবস্থায় রাস্তার বিভিন্ন স্থান সব সময় ভেজা থাকার কারণে কার্পেটিং ও বিটুমিন উঠে খানাখন্দ তৈরি হয়ে চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, নগরের গুরুত্বপূর্ণ আম্বরখানা-মজুমদারী, শাহী ঈদগাহ-টিলাগড় এবং চৌহাট্টা-কুমারপাড়া রাস্তার বিভিন্ন অংশ পানি চুইয়ে স্যাঁতসেঁতে অবস্থায় রয়েছে। এলাকাবাসী জানান, এসব রাস্তার নিচে সিটি করপোরেশনের পানি সরবরাহের পাইপ রয়েছে। সেসব পাইপ ছিদ্র হয়ে পানি চুইয়ে রাস্তার উপরিভাগে উঠে আসে। তাই রাস্তাগুলো প্রায়ই ভেজা ও আর্দ্র থাকে। এ অবস্থায় রাস্তার ওই ভেজা অংশের বিটুমিন ও কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। সওজ সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি চৌহাট্টা-কুমারপাড়া রাস্তা উন্নয়ন ও সংস্কারের ৮০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে ওই রাস্তার নিচে সিটি করপোরেশনের পানির লাইনে মাঝেমধ্যে ছিদ্র হয়ে বিকল হয়ে পড়ায় মাটি চুইয়ে রাস্তার ওপরের অংশে পানি উঠে আসে। যদি প্রতিনিয়ত রাস্তার বিভিন্ন অংশ স্যাঁতসেঁতে ও ভেজা অবস্থায় থাকে, তাহলে নির্মিতব্য রাস্তাটি দীর্ঘস্থায়ী ও টেকসই হবে না বলে সওজ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম বলেন, ‘প্রায় সময় রাস্তার নিচ দিয়ে যাওয়া সিটি করপোরেশনের পানির পাইপগুলো ছিদ্র হয়ে রাস্তা চুইয়ে পানি উঠে আসে। এ অবস্থায় কিছুদিন পর পর এসব রাস্তা পানিতে ড্যাম্প হয়ে নষ্ট হয়ে যায়। পানির লাইনগুলো সঠিকভাবে আরও উন্নতমানের করার জন্য সিটি করপোরেশনকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছি।’ সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘পানির পাইপগুলো বহুদিনের পুরোনো হওয়ায় প্রায়ই বিকল হয়ে পড়ে। পাইপ ছিদ্র হওয়ায় পানি চুইয়ে রাস্তা নষ্ট হচ্ছে—এটি ঠিক। তবে এ ধরনের ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ছিদ্রগুলো সারিয়ে নিই। তবে বিষয়টি স্থায়ীভাবে সমাধান করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরোনো এসব পাইপ অপসারণ করে নতুন ও টেকসই পাইপ স্থাপনের বিষয়টি আমাদের উন্নয়ন সম্পর্কিত অগ্রাধিকার তালিকায় রয়েছে।’