পানির পাম্প নষ্ট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প পাঁচ দিন ধরে নষ্ট। এতে পানির সংকট সৃষ্টি হওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন রোগী ও দর্শনার্থীরা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যার এ হাসপাতালের পানির পাম্পটি গত মঙ্গলবার বিকেলে নষ্ট হয়ে যায়। রাতেই স্থানীয়ভাবে পানির পাম্পটি ঠিক করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু স্থানীয় টেকনিশিয়ানরা এটি ঠিক করতে পারেননি। পরের দিন বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়। এর এক দিন পর দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেকনিশিয়ানরা এসে পাম্পটি নিয়ে যায়। তবে গতকাল রোববার রাত পর্যন্ত পানির পাম্পটি ঠিক হয়নি।
সরেজমিনে গত শনিবার দুপুরে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে আসা স্বজনেরা নিচের নলকূপ থেকে বোতল ও বিভিন্ন পাত্রে পানি নিয়ে রোগীদের সরবরাহ করছেন।
পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন মো. শফিকুল ইসলাম, সাহেব হেমব্রম ও নুরুজ্জামান অভিযোগ করেন, পানি না থাকায় তাঁরা শৌচাগারে যেতে পারছেন না। হাসপাতালে দায়িত্বে থাকা ব্যক্তিরা শৌচাগার ও বাথরুমে প্রয়োজনীয় পানিও সরবরাহ করছেন না।
মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন জান্নাতুন ফেরদৌসী, তহুরা খাতুন ও হাসিনা বেগম অভিযোগ করেন, পাঁচ দিন ধরে পানি না থাকায় রোগীরা গোসল করতে পারছে না। রোগীদের সঙ্গে থাকা স্বজনেরাও অসুস্থ হয়ে পড়েছে।
চিকিৎসাধীন ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে পানি সরবরাহ অব্যাহত রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কর্তৃপক্ষ চাইলেই বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ করতে পারত।
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বপ্রাপ্ত একটি সূত্র প্রথম আলোকে জানায়, পাম্প অপারেটর লুৎফুল কবির গত ১ মে বেতন তোলার পর থেকে কাজে আসছেন না। এরপর থেকে পাম্পটি অস্থায়ী ভিত্তিতে স্থানীয় একজন ব্যক্তিকে দিয়ে চালানো হতো। পাম্পটি ঠিকমতো পরিচালনা করতে না পারায় নষ্ট হয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল বারী জানান, পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং স্থানীয়ভাবে ঠিক করার চেষ্টা করেন। সেটি না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাম্পটি দিনাজপুর নিয়ে যায়। পাম্পটি শিগগিরই ঠিক করা হবে। পাম্প অপারেটর লুৎফুল কবিরের বিষয়ে তিনি বলেন, তাঁকে দুবার নোটিশ করা হয়েছে। কিন্তু তিনি কাজে যোগ দেননি।