কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের তাপসী রাবেয়া হোস্টেলের পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় পানি-সংকটে ১১ দিন ধরে দুর্বিষহ দিন কাটাচ্ছেন ছাত্রীরা। ভোগান্তি এড়াতে ইতিমধ্যে অনেক ছাত্রী হোস্টেল ছেড়ে বাড়ি চলে গেছেন।
ছাত্রীনিবাসটির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, বিকল পাম্পটি মেরামতের জন্য কলেজ কর্তৃপক্ষ তাঁদের কাছে চাঁদা দাবি করেছে। তবে কলেজ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ভেতরে চারতলাবিশিষ্ট তাপসী রাবেয়া হোস্টেলে প্রায় ১৭০ জন ছাত্রী থাকেন। গত ২২ সেপ্টেম্বর হোস্টেলের পানি সরবরাহের পাম্পটি নষ্ট হয়ে যায়। এ কারণে ক্যাম্পাসের নলকূপ থেকে পানি এনে তাঁদের দৈনন্দিন কাজ সারতে হচ্ছে। এ কারণে ৮০ জন ছাত্রী ইতিমধ্যে বাড়ি চলে গেছেন।
কয়েকজন ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিল যেহেতু ছাত্রীরা পাম্প নষ্ট করেছেন, সেহেতু তাঁরাই চাঁদা তুলে পাম্প মেরামত করবেন। এরপর ছাত্রীরা ১০০ টাকা করে চাঁদা তুলেছিলেন। পরে কয়েকজন ছাত্রী টাকা দিতে অপারগতা জানালে আদায় করা টাকা আর কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়নি।
জানতে চাইলে হোস্টেলের সুপার সাইদুর রহমান বলেন, সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো কিছু নষ্ট হলে রাতারাতি ঠিক করা যায় না। যে পাম্পটি নষ্ট হয়ে গেছে তার দাম অনেক। নতুন করে দরপত্রের মাধ্যমে কিনতে হবে। এটা সময়সাপেক্ষ। কাজটি করতে দেরি হবে। তবে তিনি দাবি করেন, বিকল্প পাম্প দিয়ে পানি সরবরাহ ঠিক রাখা হয়েছে। আর পানি-সংকটের কারণে কেউ হোস্টেল ছাড়েননি।
ছাত্রীদের কাছ থেকে চাঁদা দাবি প্রসঙ্গে হোস্টেল সুপার বলেন, পাম্পটি মেরামতে ২৫ হাজার টাকা লাগবে। কিছু টাকা হোস্টেলের তহবিল থেকে দেওয়া হবে। বাকি টাকা ছাত্রীদের কাছে চাওয়া হয়েছে। তবে এ জন্য তাঁদের কোনো রকম চাপ দেওয়া হয়নি।
কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান খান বলেন, ‘নষ্ট পাম্পটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’