সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা পানির পাম্পটি সাত দিন ধরে বিকল রয়েছে। ফলে এ চিকিৎসাকেন্দ্রে ভর্তি হওয়া রোগী, চিকিৎসক, নার্স ও কোয়ার্টারে বসবাসরত লোকজনকে পানির কষ্টে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দাদের জন্য ব্যবহূত একমাত্র পানির পাম্পটি যান্ত্রিক ত্রুটির কারণে চলমান অবস্থায় গত বৃহসপতিবার সকালে বিকল হয়ে যায়। স্থানীয়ভাবে এটি মেরামতের চেষ্টা করেও তা সচল করা সম্ভব হয়নি। হাসপাতালে মহিলা ওয়ার্ডে ভর্তি হওয়া নবজাতকের মা হলিদাকান্দা গ্রামের গৃহিণী রিপা আক্তার (২৫) বলেন, পানির পাম্পটি বন্ধ থাকায় ময়লা-আবর্জনার গন্ধে সারাক্ষণ নাকে কাপড় চেপে থাকতে হচ্ছে। গোসল করতে পারছি না। কোনো রকমে গামছা দিয়ে শরীরটা মুছে নিচ্ছি। পুরুষ ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুর রহমান (৬০) বলেন, বাইরে থেকে পানি এনে টয়লেটের কাজ সারতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, পাম্পটি মেরামতের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, পানির পাম্পটি এক সপ্তাহ ধরে বিকল থাকায় রোগীসহ কোয়ার্টারে বসবাসরত সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সাংসদ, জেলা সিভিল সার্জন, ধরমপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে এ সমস্যা কথা জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ সমস্যার সুরাহা হয়নি।সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে থাকা সৈয়দ মো. মতিউর রহমান বলেন, আমরা এ বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ সমস্যা সমাধানের যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী বলেন, এটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে মেরামত করতে কিছুটা বিলম্ব হতে পারে। তাই স্থানীয়ভাবে জরুরি ভিত্তিতে এ সমস্যা সমাধানের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে।