পানির বিল বেড়েছে কমেছে সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌরসভায় জানুয়ারি থেকে গ্রাহকদের পানির বিল বেড়েছে ৫০ শতাংশ। কিন্তু পানির সরবরাহ অনেক কমে গেছে। এতে পৌরবাসী দুর্ভোগ পোহাচ্ছে।
পৌরসভার বেশ কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, এত দিন আবাসিক গ্রাহকেরা প্রতি মাসে পানির বিল পরিশোধ করতেন ২০০ টাকা। গত জানুয়ারি থেকে তা বেড়ে হয়েছে ৩০০ টাকা। সাধারণত সকাল, দুপুর ও বিকেলে পানি সরবরাহ করার কথা। কিন্তু এখন প্রায়ই দিনে দুবারও পানি পাওয়া যায় না। আবার পানি এলেও চাপ কম থাকে। ২০ লিটারের একটি বালতি ভরতে প্রায় ২০ মিনিট লেগে যায়। শহরের অনেক বাসাতেই নিজেদের নলকূপ নেই। এসব বাসার সদস্যদের পৌরসভার সরবরাহ করা পানির ওপর নির্ভর করতে হয়। কিন্তু ঝিরঝির করে পানি আসায় তাঁদের গৃহস্থালির কাজসহ যাবতীয় কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। অনেকে চাকরি করেন। আছে স্কুল-কলেজের শিক্ষার্থী। সকালে উঠে তাঁদের গোসল সেরে কর্মস্থলে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। কিন্তু সময়মতো পানি না আসায় প্রায়ই অনেকে গোসল করে কর্মস্থল যেতে পারেন না।
গৌরাঙ্গবাজার এলাকার গৃহবধূ লুৎফা হোসেন, বত্রিশ এলাকার আল আমিন ও ফয়সাল আহমেদসহ অনেকে প্রথম আলোকে বলেন, জানুয়ারিতে পানির বিল বাড়ালেও তখন থেকেই পানি সরবরাহ পরিস্থিতি নাজুক পর্যায়ে পৌঁছেছে। এটা পৌরবাসীর সঙ্গে একধরনের প্রতারণার শামিল।
কিশোরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী ও পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়ক সারওয়ার জাহান চৌধুরী বলেন, ‘পৌরসভায় দৈনিক পানির চাহিদা প্রায় ৯৯ লাখ লিটার। কিন্তু আমরা দৈনিক ৬৯ লাখ ৫৫ হাজার লিটার পানি তুলতে পারি। পৌরসভায় মোট গ্রাহক রয়েছেন ৫ হাজার ১০ জন। ১১টি পাম্পের মাধ্যমে তাঁদের পানি সরবরাহ করা হয়। কিন্তু চর শোলাকিয়া ও পৌর কার্যালয় এলাকায় দুটি পাম্প নষ্ট থাকায় প্রায় দুই হাজার গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। পৌর এলাকার পাম্পটি চেষ্টা করে দ্রুত ঠিক করা যাবে। তবে ফিল্টার নষ্ট হয়ে যাওয়ায় চর শোলাকিয়া এলাকার পাম্পটি ঠিক করতে ছয় মাসের অধিক সময় লাগতে পারে।’
এ ব্যাপারে পৌরসভার প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, কয়েকটি পাম্প নষ্ট হয়ে গেছে। এ কারণে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। পাম্পগুলো মেরামত করা হলে এ সমস্যা কেটে যাবে।