পাবনা শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে গতকাল রোববার পানির বিষক্রিয়ায় নবম শ্রেণির ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেছে। তবে চিকিৎসকেরা বলছেন, শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ১৮ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিন পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, অভিভাবকেরা দৌড়াদৌড়ি করছেন। হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডের দুইটি কক্ষের বিছানা ও মেঝেতে শুইয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
অসুস্থ শিক্ষার্থীরা জানায়, তাদের ক্লাসের একজন মেয়ে একটি পানির বোতলে নীল রঙের কিছু একটা নিয়ে এসেছিল। বোতলটি ঝাঁকাঝাঁকি করতে গিয়ে বিকট শব্দে ফেটে যায়। এতে প্রথমে সবার চোখ জ্বলতে থাকে ও কাশি হয়। একে একে সবাই জ্ঞান হারাতে থাকে।
পাবনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক নারায়ণ চন্দ্র দে বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক অবস্থা দেখে আমাদের মনে হয়েছে এটা গণমনস্তাত্ত্বিক রোগ।’