
মান্ডা সেতু পর্যন্ত মুগদা মূল সড়কের প্রায় এক কিলোমিটার দীর্ঘ মূল রাস্তাটি কোথাও কোথাও এমন ক্ষতবিক্ষত যে দেখলে মনে হতেই পারে, মেরামত করার উদ্যোগ নেওয়ার জন্য এলাকায় কোনো জনপ্রতিনিধি বা অভিভাবক নেই। সেই রাস্তায় নিত্য যানজট। বৃষ্টি হলে পানি জমে যানবাহন উল্টে পড়ার ঘটনা ঘটছে।
দক্ষিণ মুগদা, উত্তর মুগদা, অতীশ দীপঙ্কর রোড, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম, মানিকনগরের কিছু অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের অন্তত ২০ জন বাসিন্দা ও দোকানি বললেন, নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের আগে যেসব আশ্বাস দিয়েছেন, সেগুলো পূরণে তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না। আগে-পরের অবস্থার মধ্যে খুব একটা পরিবর্তন নেই।
ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম এ অভিযোগ সম্পর্কে বলেন, এলাকাবাসীর সুবিধার জন্য তিনি রাত-দিন কাজ করছেন। এত অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়।
গত ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের আগে ১৫ এপ্রিল এলাকার ঘুরে যে অবস্থা দেখা গিয়েছিল, দুই মাস দুই দিন পর গতকাল শুক্রবার এলাকা ঘুরে এলাকার আরও দুরবস্থা দেখা গেছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উত্তর মুগদাপাড়া মূল রাস্তার মুখেই রিকশাচালকেরা এই এলাকায় যেকোনো গন্তব্যস্থলে যেতে অতিরিক্ত ভাড়া হাঁকছিলেন। কারণ, রাস্তার যে অবস্থা, রিকশা চালাতে বাড়তি পরিশ্রম হয়। অতীশ দীপঙ্কর সড়ক থেকে ঢালুর মুখেই ভাঙাচোরা ইট বেরিয়ে থাকা রাস্তা দেখা যায়। ভয়াবহ অবস্থা ওয়াসা পাম্পের কাছে, মুগদা থানা-সংলগ্ন রাস্তায়। এলাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ওয়াকিল আহমদ বলেন, বৃষ্টি হলে পুরো রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এই এলাকায় অসহনীয় যানজট থাকে। গতকাল শুক্রবার থাকায় এবং রমজান মাসের প্রথম দিন বলে যানজট কম ছিল। তবে আগের দিন বৃহস্পতিবারের বর্ণনা দিলেন রড-সিমেন্টের একটি দোকানের মালিক আবদুল হাই, ওয়াসা পাম্পসংলগ্ন একটি চায়ের দোকানের কর্মচারী মোতালেবসহ কয়েকজন। মুগদার প্রধান সড়ক থেকে মান্ডা সেতু পর্যন্ত প্রায় সার্বক্ষণিক যানজট থাকে। কোনো কোনো দিন ঘণ্টার পর ঘণ্টা। পাঁচজন বাসিন্দা ও দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচনের আগে বর্তমান কাউন্সিলর প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হলে তিনি অবশ্যই এসব সমস্যার সমাধান করবেন। রাস্তাও বড় করা হবে। কিন্তু নির্বাচনের পর সে রকম কোনো উদ্যোগ নিতে তাঁরা দেখছেন না।

পুরো ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা প্রায় নেই। বৃষ্টি হলেই ভাঙা রাস্তা তলিয়ে যায়। গত মঙ্গলবারের বৃষ্টির পর জমে থাকা পানির নিচের ভাঙা রাস্তায় রিকশা উল্টে বাচ্চাসহ পড়ে যান মুগদা থানা এলাকার বাসিন্দা রাবেয়া বেগম। গতকাল সকালে এই প্রতিবেদকের কাছে বিষয়টির বর্ণনা দিয়ে তিনি বলেন, ভোটের আগে অনেক মিষ্টি মিষ্টি কথা শুনেছিলাম। এখন কারও দেখা পাওয়া যায় না।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার সারা রাত দাঁড়িয়ে সুইপারদের দিয়ে ওয়ার্ডের ময়লা পরিষ্কার করিয়েছি, তারপরও যদি বলা হয়, কাজ করছি না, খারাপ লাগে। আগে মানুষ সমস্যা বলার জন্য প্রতিনিধি পেতেন না। এখন আমাকে পাচ্ছেন। ১১টি রাস্তা সংস্কার করার জন্য রিকুইজিশন দিয়েছি। এগুলো করতে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হবে। পাঁচটির দরপত্র হয়েছে। রাস্তা বড় করার চেষ্টা করছি, অন্তত আমার সময়কালে এসব সমস্যার সমাধান করতে পারব আশা রাখি।’
এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি থাকলেও বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এলাকার পয়োনালা ও পানির লাইন এক হয়ে গেছে বলেও অভিযোগ করেন বাসিন্দারা। ওয়াপদা রোড, বিশ্বরোড গার্মেন্টস-সংলগ্ন এবং উত্তর মুগদায় পাম্পে গিয়ে দেখা যায়, গতকাল প্রথম রোজায়ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ হাঁড়ি, কলসি, জারিকেন নিয়ে ভিড় করেছেন। রোজা থেকেও ওয়াপদা রোড পাম্পে পানি সংগ্রহ করতে এসেছেন আশরাফুলের মা বলে পরিচিত এক গৃহপরিচারিকা। তিনি বলেন, রোজা থেকেও হয়তো প্রতিদিনই তাকে ভালো পানির জন্য আসতে হবে।
কাউন্সিলর বলেন, ‘পানির জন্য ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। নতুন একটি পাম্প বসানো হবে কবরস্থানসংলগ্ন জায়গায়।’ তবে পানির লাইন সংস্কার বিষয়ে কোনো ব্যবস্থা হচ্ছে কি না, তা বলতে পারেননি কাউন্সিলর।
দুই মাস আগে মুগদা-মান্ডা খালটি যে দূষণকবলিত অবস্থায় ছিল, বর্তমান অবস্থা আরও খারাপ। সেতুসংলগ্ন খালপাড়ে দোকানপাট, বাড়িঘর আর বস্তি ছিল। এখন বস্তি ও দোকানের সংখ্যা আরও বেড়েছে। এলাকাবাসীর মতে, খাল নামের ওই দূষিত নর্দমা এখন মশার প্রজননক্ষেত্র। সঙ্গে আছে অপরিষ্কার নর্দমা। অবশ্য কাউন্সিলর বলেন, মশার শুককীট (লার্ভা) ধ্বংস করতে এবং উড়ন্ত মশা মারতে ওষুধ ছিটানো হয়েছে।