পানির সংকটে আগুনে পুড়ল কলোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার আবু ছিদ্দিক কলোনি থেকে ছবিটি তোলা। ছবি: প্রথম আলো
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার আবু ছিদ্দিক কলোনি থেকে ছবিটি তোলা। ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে একটি কলোনিতে আজ সোমবার আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সম্বল মাত্র পানিভর্তি একটি গাড়ি। এই পানিতে আগুন নেভানো অসম্ভব। আশপাশে ছিল না কোনো পুকুর। দুই কিলোমিটার দূর থেকে পানির ব্যবস্থা করতে করতে ততক্ষণে পুড়ে গেছে ২৩টি বসতবাড়ি। দগ্ধ হন তিনজন। পুড়ে গেছে কয়েক শ হাঁস-মুরগি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার কাস্টমস শুল্ক বিভাগ-সংলগ্ন আবু ছিদ্দিক কলোনির একটি টিনের বসতঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ওই সব বসতবাড়ি থেকে লোকজন বের হতে পারলেও আসবাব, স্বর্ণালংকার, নগদ টাকা ও যাবতীয় মালামাল আগুনে পুড়ে যায়। এ সময় আগুনে ফাতেমা বেগম, তাঁর মেয়ে রেহেনা বেগম ও নুর মোহাম্মদ নামের তিনজন অগ্নিদগ্ধ হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফরোজা সুলতানা বলেন, অগ্নিদগ্ধ তিনজনের মধ্যে ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কলোনির স্বত্বাধিকারী জালাল আহমদ বলেন, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও এলাকার লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু আশপাশে কোনো পুকুর না থাকায় পানিসংকটে ভোগান্তি পোহাতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। এ ঘটনায় দেড় শতাধিক হাঁস ও পাঁচ শতাধিক মুরগি আগুনে পুড়ে গেছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকার বেশি হবে বলে জানান তিনি।

টেকনাফ অগ্নিনির্বাপণ কেন্দ্রের দলনেতা মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, অগ্নিনির্বাপণ কেন্দ্র থাকলেও পানির সংকট রয়েছে। ঘটনার পরপর গাড়িসহ ঘটনাস্থলে পৌঁছালেও পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। প্রায় দুই কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে আসার আগেই সবকিছু আগুনে পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

আগুনের খবর পেয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারিভাবে অনুদানের আশ্বাস দেন।