
সমস্যাটি দু-এক দিনের নয়। মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং সোসাইটির বাসিন্দারা পানির সংকটে ভুগছে সেই রোজার শুরু থেকে। মাঝে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত কয়েক দিনে তা মাত্রা ছাড়িয়েছে। কোনো কোনো ভবনে চার-পাঁচ দিন ধরে পানি নেই। কোনোটিতে যে পরিমাণ পানি আসে, তাতে অর্ধেক চাহিদাও মেটে না।
এই অবস্থায় দৈনন্দিন চাহিদা মেটাতে ওয়াসার গাড়ি থেকে কিনে নেওয়া পানির ওপর নির্ভর করতে হচ্ছে অনেক বাসিন্দাকে। এতে কোনোভাবে দিন চলে গেলেও কবে নাগাদ এই সংকট কাটবে, তা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না কেউ।
গতকাল সোমবার সোসাইটির ১ নম্বর সড়কের শেষ প্রান্তে ১৭৭ নম্বর ভবনের সামনে দেখা গেল, ওয়াসার একটি গাড়ি থেকে ভবনের নিচতলার ট্যাংকে পানি ভরা হচ্ছে। ওই ভবনের একটি ফ্ল্যাটের মালিক মো. ওয়াহিদুজ্জামান বললেন, ‘চার দিন ধরে এক ফোঁটা পানিও আসেনি। সকাল-সন্ধ্যায় দুবার ওয়াসার দুই গাড়ি পানি দিয়ে ভবনের আটটি ফ্ল্যাটের বাসিন্দাদের চাহিদা মেটানো হচ্ছে কোনোভাবে।’
ভবনের আরেক বাসিন্দা মোছাম্মদ নাসরিন জানালেন, মে মাসে এই এলাকায় ওঠার পর থেকেই পানির সংকট দেখে আসছেন তিনি। গত ১৫-২০ দিনে সংকট চরমে পৌঁছেছে। তিনি বলেন, ‘কেনা পানিতে রান্না আর বাথরুমের কাজটা কোনোভাবে চলে যায়। কিন্তু গোসলের জন্য মোহাম্মদপুর থেকে যেতে হয় বনশ্রীতে বোনের বাড়িতে। এই কয়েক দিন বাড়িতে কাপড় ধোয়া বাদ।’
এ বিষয়ে কথা হয় পাশের সড়কের আরেকটি ভবনের তত্ত্বাবধায়কের সঙ্গে। পানি আছে কি না জানতে চাইলে নিচতলার ট্যাংকের ঢাকনা খুলে তিনি দেখালেন, তলানিতে সামান্য কিছু পানি পড়ে আছে। তাঁর কাছ থেকে জানা গেল, এই ভবনের ১০টি ফ্ল্যাটের বাসিন্দাদের জন্য প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার টাকা খরচ করে তিন গাড়ি পানি কেনা হয়। চাহিদা বেশি থাকায় তা-ও ঠিক সময়ে পাওয়া যায় না।
পাঁচ নম্বর সড়কের আরেক বাসিন্দা শমশের আলী বললেন, সমস্যার কথা বললে ওয়াসা থেকে কখনো বলা হয় পাম্প নষ্ট, কখনো বলা হয় পাম্পে পানি উঠছে না। কিন্তু সমস্যার সমাধান কীভাবে হবে, সে কথা কেউ বলেন না।
এলাকার বাসিন্দাদের মতে, সোসাইটির সাতটি সড়কের মধ্যে ২, ৩ ও ৪ নম্বর সড়কে পানির সমস্যা সবচেয়ে বেশি। অন্য সড়কগুলোতে সকালে আর রাতে কিছু পানি পাওয়া গেলেও তা দুর্গন্ধযুক্ত। পানির সঙ্গে বালুও উঠে আসে।
তিন নম্বর সড়কে বসবাসরত এক সংবাদকর্মী জানালেন, পরিবারের প্রতিদিনের পানির চাহিদা মেটাতে গত ২০ দিনে তাঁর প্রায় চার হাজার টাকা খরচ হয়েছে। তিনি বলেন, বিল্ডিংয়ের সবাই মিলে চাঁদা দিয়ে পানি কেনা হয়। তাতেও প্রায় প্রতিদিন গোসল না করেই অফিসে যেতে হয়।
পানির এই সংকটের বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার মডস জোন-৩-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মান্নান জানালেন, এই এলাকায় পানির স্তর নেমে যাওয়ায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে। যে কারণে সংকট এত তীব্র রূপ ধারণ করেছে।
এর সমাধান জানতে চাইলে ওই প্রকৌশলী বলেন, ‘সংকট কাটানোর জন্য মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং সোসাইটি ও মোহাম্মদী হাউজিং লিমিটেড এলাকায় নতুন দুটি পাম্প বসানোর অনুমোদন পাওয়া গেছে। পাম্প বসানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে আর সমস্যা থাকবে না।’