পানির সংকটে দুর্বিষহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের প্রচণ্ড গরমে খালবিল-পুকুরের পানি শেষ। পাহাড়ি ছড়ায় পানির জন্য গেলে বন্য হাতির দল তাড়া করে। ফলে খেতখামারের চাষাবাদ বন্ধ। আগে অন্যের জমির ধান কেটে গ্রামের নারীরা সংসার চালালেও এখন কাজকর্ম না থাকায় কমপক্ষে ৫০০ শ্রমজীবী নারীর হাত-পা অচল হয়ে পড়েছে।

গত শনিবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা পাহাড়ের চাকমাপল্লির নারী তাইয়াও চাকমা (৩৫) এসব কথা বলেন। তিন সন্তানের জননী ওই নারী বলেন, তিন দিন আগে অন্যের জমির ধান কেটে তিনি যে মজুরি পেয়েছেন, তা দিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন। ধান কাটা শেষ হওয়ায় অনেকের মতো তিনিও বেকার।

পানিসংকটের কারণে ওই পল্লির অনেক জমি ফাঁকা পড়ে আছে। চাষাবাদ যা হয়েছিল, প্রচণ্ড গরমে তাও নষ্ট হয়ে গেছে।

গৃহবধূ নিয়ুক চিং চাকমা (৪৫) বলেন, দিনের বেলায় চাকমা নারীরা পানীয় জলের জন্য পাহাড়ি ছড়ায় গেলে বন্য হাতির দল তেড়ে আসে। হাতির আক্রমণে অনেকে আহত হচ্ছেন। আবার রাতের বেলায় বন্য হাতির দল বসতঘরে হানা দিয়ে গোলার ধান, গাছের কাঁঠাল খেয়ে ফেলছে। গাছপালা ভেঙে দিচ্ছে। গত শুক্রবার রাতেও একটি হাতি তাঁর বাড়ির একটি গাছের ১১টি কাঁঠাল খেয়ে ফেলেছে।

স্থানীয় অমল চাকমা (৪০) বলেন, এ পল্লির ১৮০ পরিবারে এক হাজার ৯৭ চাকমার বসবাস। ৯৮ শতাংশ চাকমা চাষাবাদের ওপর নির্ভরশীল হলেও পানিসংকটের কারণে কেউ চাষ করতে পারছেন না। মাটির নিচে জমাট বাঁধা পাথরের স্তূপ থাকায় নলকূপও স্থাপন করা যাচ্ছে না। পুরো পল্লির মানুষ চারটি রিংওয়েলের ওপর নির্ভরশীল। কিন্তু গরমে এখন রিংওয়েলের পানিও শুকিয়ে গেছে। ফলে খাবার পানির জন্য ঘরে ঘরে চলছে হাহাকার।

কেথাইং চিং চাকমা (৫০) বলেন, এখানকার অধিবাসীরা সবাই দরিদ্র। চাষাবাদ ছাড়া এখানে বিকল্প আয়-রোজগারের কিছুই নেই।

স্থানীয় গৃহবধূ রামাইনচা চাকমা (৩৮) বলেন, ‘কাজ না থাকায় আমাদের হাত-পা এখন অচল।’

স্থানীয় হোয়াইক্যং বন রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, দুর্গম পাহাড়ের এই চাকমারা আগে বনের ওপর নির্ভরশীল হলেও এখন সমতলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছে। এতে বনাঞ্চলও উজাড় হওয়া থেকে রক্ষা পাচ্ছে। কিন্তু পানির সংকট চাকমাদের জীবন-জীবিকা দুর্বিষহ করে তুলছে। তিনি বলেন, সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে চাকমাপল্লির নারীদের প্রশিক্ষণ দিয়ে বিকল্প আয়-রোজগারের ব্যবস্থা নিশ্চিত করা না গেলে সমস্যা আরও প্রকট হবে।