পানির সংকটে ধুঁকছে রায়পুর পৌরবাসী
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে আট দিন ধরে পানির তীব্র সংকট চলছে। এতে পৌর এলাকার ২৪ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকেই বাড়িতে গোসল করতে পারছে না। করতে পারছেন না গৃহস্থালিকাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের অব্যাহত লো-ভোল্টেজের কারণে পৌরসভার জলাধারে পাম্প দিয়ে পানি তুলতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম বিদ্যুতের লো-ভোল্টেজ শুরু হয়। ওই দিন থেকে জলাধারে পানি তোলার কাজ ব্যাহত হচ্ছে। পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকায় প্রতিদিন ১৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। পাম্প দিয়ে জলাধারে এ পানি তুলতে প্রতিদিন ১৫-১৭ ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন। গত এক সপ্তাহ বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ কম থাকে। গ্রাহকেরা আগে যে পরিমাণ পানি সরবরাহ করা হতো তার চার ভাগের এক ভাগ পানি পাচ্ছে এখন।
পৌরসভার নতুন বাজারের বাসিন্দা জাফর আহম্মেদ জানান, সারা দিন রোজা রেখে পানির সংকটের কারণে পৌরবাসী অতিষ্ঠ।
রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী বলেন, ‘লো-ভোল্টেজের কারণে চাহিদামতো পানি সরবরাহ করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সঙ্গে একাধিকবার কথা বলেছি। কিন্তু তারা এ ব্যাপারে পদক্ষেপ নেয়নি।’ পবিস রায়পুর কার্যালয়ের ডিজিএম সুদাস চন্দ্র রক্ষিত বলেন, নোয়াখালী গ্রিড থেকে আমাদের বিদ্যুৎ সরবরাহ করা হয়। গ্রিড থেকে কয়েক দিন ধরে ভোল্টেজ কম পাওয়া যাচ্ছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।