সাতক্ষীরা শহরে পানির সংকটে মানুষ সীমাহীন কষ্ট পোহাচ্ছে। চার দিন ধরে শহরের কয়েকটি এলাকায় খাওয়ার পানির সরবরাহ নেই। পৌরসভার পানি তোলার যন্ত্রে ত্রুটি দেখা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।শহরের কাছারিপাড়ার শেখ আবদুল মঈন ও শেখ আফছার হোসেন জানান, দুই মাসের বেশি সময় ধরে পৌরসভার লাইনে তাঁরা যে পানি পাচ্ছেন, তা তাঁদের চাহিদার চার ভাগের এক ভাগ। আর চার দিন ধরে পানি সরবরাহ নেই। একই ধরনের অভিযোগ মুনজিতপুর, সরকারপাড়া, লস্করপাড়া, মধ্যকাটিয়াসহ শহরের পূর্ব পাশের বড় অংশের মানুষের।গ্রাহকেরা জানান, সাতক্ষীরা শহরের ৯০ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক। শহরে বিকল্প কোনো পানির উৎস না থাকায় অধিকাংশ মানুষ পৌরসভার সরবরাহ করা পানি পান ও গৃহস্থালির কাজে ব্যবহার করে। শহরের কুকরালি ও পুরোনো সাতক্ষীরা এলাকার শতাধিক গ্রাহক মাসের পর মাস পানি সরবরাহ না পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে নিয়েছেন।পৌরসভার পানি সরবরাহ দপ্তর থেকে জানা যায়, পৌরসভার পানি সরবরাহ কেন্দ্রের সংযোগ দেওয়ার ক্ষমতা রয়েছে চার হাজার। সেখানে বর্তমানে সংযোগ আছে সাত হাজার। এসব সংযোগের জন্য প্রয়োজন কমপক্ষে ১১ হাজার ঘনফুট পানি। বর্তমানে সেখানে উৎপাদিত হচ্ছে চার-পাঁচ হাজার ঘনফুট পানি।সাতক্ষীরা পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সেলিম সরোয়ার জানান, স্বাভাবিকভাবে চাহিদার তুলনায় পানির উৎপাদন প্রায় অর্ধেক। পৌরসভার ছয়টি পাম্পের মধ্যে দুটি নষ্ট। ফলে সমস্যা দেখা দিয়েছে। নষ্ট পাম্প দুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিন-চার দিনের মধ্যে পানির সমস্যা সাময়িকভাবে দূর করা সম্ভব হবে। এ ছাড়া নতুন করে দুটি গভীর নলকূপ বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এ দুটি গভীর নলকূপ স্থাপিত হলে পানির সমস্যা দূর হবে।