চারদিকে বন্যার পানি থইথই করছে। ঘরের ভেতরেও ঢুকেছে পানি। তাই ঘরে থাকা, রান্নাবান্নার কোনো সুযোগ নেই। চার দিন ধরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। গোয়ালে পানি ওঠায় চারটি গরু রেখেছেন অন্যের বাড়িতে। এখন সেখানেও পানি উঠেছে। তার ওপর ঘরে নেই চালপাত। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন শান্তি রানী দাস (৪৮)।
ঘরের সামনে গিয়ে নৌকা ভেড়াতেই পাশের বাড়ি থেকে ডাক ছাড়েন তিনি ‘আমরার ঘরও কেউ নাই। চাইর দিন ধরি আমরা বাড়িছাড়া।’ বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা শান্তি রানী জানালেন, প্রতিবেশী দিগেন্দ্র বর্মণের ঘরে স্বামী বলরাম দাস আর পাঁচ ছেলেমেয়ে নিয়ে আশ্রয় নিয়েছেন। যে ঘরে থাকছেন সেই ঘরের চৌকাঠ ছুঁই ছুঁই করছে পানি। পানি আরও বাড়লে কী করবেন, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না।
শুধু শান্তি রানী দাসের ঘরে নয়, এই গ্রামের ২০০ পরিবারের বেশির ভাগ ঘরেই এখন বন্যার পানি। কেউ কেউ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী ও আত্মীয়দের বাড়িতে। আবার কেউ কেউ নিজের ঘরেই কোনোরকমে একটা ব্যবস্থা করে থাকছেন।
গতকাল দুপুরে এই গ্রাম ঘুরে বন্যার্ত মানুষের দুর্ভোগের এ চিত্র দেখা গেছে। নৌকা ছাড়া এ গ্রামের এক ঘর থেকে আরেক ঘরে যাতায়াতের আর কোনো ব্যবস্থা নেই। গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া আবুয়া নদীর তীরের ঘরগুলো আছে চরম ঝুঁকিতে। ঘর থেকে পা ফেললেই নদী। দরজার সামনে দিয়ে বয়ে যাচ্ছে স্রোত।
গ্রামের কৃষক ফজলুল হক (৫৫) জানালেন, পানি যত বাড়ছে দুর্ভোগও তত বাড়ছে। একে তো মানুষের থাকার সমস্যা, তার ওপর গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে তারা। এই কৃষক হতাশার সুরে বললেন, ‘কত সমস্যা খইতাম। বৈশাখ মাসে হাওরের তিন একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ঘরও একটা চাল নাই। হাতও খালি। এখন বন্যা আইছে। আমরা চলতাম কিলা। বাঁচতাম কিলা।’
গ্রামের আবদুল জব্বার (৪৬) ও মস্তফা মিয়া (৫০) জানান, এই এলাকার মানুষ খুবই গরিব। একে তো ফসল হারিয়ে মানুষের ঘরে কোনো খাবার নেই। তার ওপর অনেকের ঘরবাড়ি ভেঙেছে ঝড়ে। এখন বন্যায় মানুষ পড়েছেন আরও বিপাকে। আবদুল জব্বার বলেন, ‘সরকার সাহায্য কইরা না বাঁচাইলে, মানুষের বাঁচার আর কোনো উপায় নাই।’ মস্তফা মিয়া জানালেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একদিন পাঁচ কেজি করে চাল দিছেন। বন্যা হওয়ার পর আর কোনো সহায়তা পাননি তাঁরা।
সুমতি বর্মণের (৫০) ভাঙাচোরা ঘরের সামনের দরজা দিয়ে ঢলের পানি ঢুকে বের হচ্ছে পেছনের দরজা দিয়ে। ঘরের ভেতর সবকিছু এলোমেলো। ঢুকেছে কচুরিপনা। একটি খাটের ওপর সব জিনিসপত্র স্তূপ করে রাখা। খাটের এক পাশের অস্থায়ী চুলা তৈরি করে রান্নার ব্যবস্থা করেছেন। বন্যায় তাঁর ৫০টি হাঁস ও একটি পুকুরের মাছ ভেসে গেছে। তিনিও শুরু করেন গত এপ্রিলের ফসলহানির কথা দিয়েই, ‘ঘরও কোনো ধান নাই। এখন তাইন (স্বামী) কাজ করলে খাই, কাজ না পাইলে উপাস থাকি।’ এই পানির মধ্যে কীভাবে থাকছেন জানতে চাইলে সুমতি বলেন, ‘ঘর ছাইরা কোয়াই যাইতাম। সাপ-জোঁকের ভয় নিয়াই আছি।’ তিনি জানালেন, পানিবন্দী অবস্থায় থাকতে ভয় পাচ্ছেন ছেলের বউ চম্পা বর্মণ। তাই পানি না কমা পর্যন্ত তাঁকে সুনামগঞ্জ শহরে বাপের বাড়িতে পাঠানোর চিন্তা করছেন।
গ্রামের বাসিন্দা মালেক উদ্দিন বলেন, ফসলহানির পর থেকে গ্রামের মানুষের ঘরে ঘরে খাবার সংকট চলছে। এখন আবার বন্যা হয়েছে। হাতে কোনো টাকাপয়সাও নেই। মানুষ কীভাবে চলবে,Ñসেই চিন্তায় অস্থির।
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, বন্যার্ত মানুষের এখন মূল সমস্যা হচ্ছে খাবার। মানুষের ঘরে কোনো খাবার নেই। এমনিতেই সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ ফসল হারিয়ে নিঃস্ব অবস্থায় আছে। সরকারের ত্রাণসহায়তা বাড়ানো উচিত।