পানির সন্ধানে লোকালয়ে হরিণ তিনটি অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার ও মিষ্টি পানির সন্ধানে ভোলার মনপুরা উপজেলার লোকালয়ে আসা চারটি হরিণ গত মঙ্গলবার উদ্ধার করে বদনার চরে অবমুক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মনপুরা বনের পচা কোড়ালিয়া বিট সূত্র জানায়, হরিণগুলো নিঝুম দ্বীপ থেকে মিঠা পানির সন্ধানে মেঘনা নদী পাড়ি দিয়ে মনপুরায় চলে আসে। মনপুরার সাকুচিয়াবাসী হরিণগুলো ফকিরহাট এলাকার মাস্টারবাড়ি থেকে উদ্ধার করে মনপুরা রেঞ্জের পচা কোড়ালিয়া বিট কর্মকর্তা চন্দ্রশেখর দাসের কাছে দেন। এর মধ্যে একটি হরিণ মারা গেছে। ময়নাতদন্ত শেষে হরিণটিকে মঙ্গলবার বিকেলে মাটিচাপা দেওয়া হয়েছে। বাকি তিনটি হরিণ বদনার চর বনে অবমুক্ত করা হয়েছে। চন্দ্রশেখর দাস প্রথম আলোকে বলেন, উত্তাল মেঘনা সাঁতরে এসে হরিণগুলো বেশ দুর্বল হয়ে পড়ে। এ কারণে একটি পুরুষ বাচ্চা হরিণ মারা যায়।