পানির সন্ধানে সাঁতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিন মাস ধইরা শীতের মধ্যে যে কষ্টডা করছি, হেইয়া কেউ বুঝব না। কাল (ঠান্ডা) পানি সাঁতরাইয়া খাল পার হইয়া খাওনের পানি আনা লাগে। দেশে এত চেয়ারম্যান, মেম্বার আইল-গেল, আমাগো দিকে কেউ নজর দেয় নাই।’ ভেজা কাপড়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন আমতলী উপজেলার দক্ষিণ গোজখালী গ্রামের ইউনুস আকন।দক্ষিণ গোজখালী গ্রামে কাছাকাছি কোনো নলকূপ নেই। এ গ্রামের ৫০টির বেশি পরিবারকে পাশের গ্রাম ডালাচারা থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। ডালাচারা গ্রামে যেতে হলে দক্ষিণ গোজখালী ও ডালাচারা গ্রামকে বিভক্ত করা খালটি তাদের সাঁতরে পার হতে হয়। ওই খালের ওপর নড়বড়ে একটি সাঁকো আছে ঠিকই, তবে সে জন্য তাদের প্রায় তিন কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হয়। এ রকম একটি ঝামেলার কাজ তো যখন-তখন করা যায় না। তাই গ্রামের পুরুষেরা প্রতিদিন দুপুরে গোসলের সময় খাবার পানি সংগ্রহের কাজ করছেন। প্রতিদিন পানি সংগ্রহের জন্য পরিবারগুলোর পুরুষসদস্যরা খাল পাড়ি দিচ্ছেন আর নারীরা খালের পাড়ে অপেক্ষা করেন পানিভর্তি কলসি নিয়ে বাড়ি ফেরার জন্য।গত মঙ্গলবার দুপুরে দক্ষিণ গোজখালী গ্রামে গিয়ে দেখা গেল, বিভিন্ন বাড়ি থেকে নারীরা কলসি নিয়ে খালপাড়ের দিকে আসছেন। সাত-আটজন পুরুষের একটি দল খালপাড়ে সাঁতারের প্রস্তুতি নিচ্ছেন। গ্রামের ঘরামী বাড়ির গৃহবধূ রাবেয়া বেগম বলেন, ‘গ্রামের আশপাশে এক মাইলের মইধ্যে শানু মাতবরের বাড়ির টিউবয়েলডা (নলকূপ) সবচেয়ে কাছের ছিল। হেইডায় আর্সেনিক থাহায় মোরা হেই পানিও খাইতে পারতাছি না। অনেক সময়ই পুরুষ মাইনষে খ্যাতে ব্যস্ত থাহেন। ভরা কলস লইয়া অনেক দূর ঘুইরা হাক্কা (সাঁকো) পার হইয়া পানি আনা সম্ভব হয় না। তহন পাশের বাড়ি দিয়া পানিইও ধার করণ লাগে।’গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। প্রায় পাঁচ হাজার জনসংখ্যার ওই গ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের বসানো ৫০টি গভীর নলকূপ ছিল। সেগুলোর মধ্যে ৪৪টি সচল থাকলেও ছয়টির পানিতে আর্সেনিক থাকায় পান করা যাচ্ছে না। তিনি বলেন, ‘খাবার পানির সমস্যা শুধু একটি গ্রামেই নয়, পুরো ইউনিয়নে। তবে পুরো গ্রামের মধ্যে দক্ষিণ গোজখালীর অবস্থা মারাত্মক। সেখানকার অনেক মানুষ এখনো পুকুর ও খালের পানি পান করছে।’গোজখালী গ্রামের নারী সংগঠন নয়নতারা জনসংগঠনের সভাপ্রধান সাগরিকা রানী জানান, এ এলাকার উন্নয়নের জন্য স্থানীয় লোকজনকে নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে, তাতে খাবার পানির সমস্যাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ এলাকায় পানির সন্ধানে পানিতেই নামতে হয়। বরগুনা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী আলাউদ্দীন বলেন, সরকারি হিসাবে প্রতি ১০ পরিবারে একটি নলকূপ থাকার কথা। কিন্তু এ এলাকায় জনসংখ্যা অনুপাতে নলকূপের ঘনত্ব আসলেই অনেক কম।