পানির সরবরাহ লাইন ফেটে সড়কে তিন ঘণ্টা চলাচল বন্ধ
চট্টগ্রামের সিরাজউদ্দৌলা সড়কের চন্দনপুরা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ভূগর্ভস্থ একটি পানির সংযোগ লাইন ফেটে যায়। সড়কের অংশে ফেটে যাওয়ায় ওই সংযোগ লাইন থেকে বের হওয়া পানিতে এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিন ঘণ্টা ওই পথে চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় অধিবাসী ও দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে পানিপ্রবাহ বন্ধ করা হয়। তবে পানির তীব্র প্রবাহের কারণে সড়কের কিছু অংশ দেবে গেছে। স্থানীয় লোকজন জানান, গতকাল শুক্রবার সকালে চন্দনপুরার সড়কের ওই অংশে ভূগর্ভস্থ একটি পানি সরবরাহ লাইনে সংস্কারকাজ করেন ওয়াসার দুই কর্মচারী। এর কিছুক্ষণ পরেই সরবরাহ লাইনের ফাটল দেখা দেয় এবং তীব্র গতিতে পানি বেরিয়ে আসতে থাকে। স্থানীয় দোকানমালিক শুভাশিস বড়ুয়া সাংবাদিকদের বলেন, ওয়াসার দুজন লোক বেলা পৌনে একটার দিকে কাজ করে যাওয়ার মিনেট দশেক পরেই পানির পাইপটি ফেটে যায়। এরপর পানি বেরোতে থাকলে সড়কে যান ও মানুষ চলাচল বন্ধ হয়ে যায়।