ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর নিম্নগামী হচ্ছে। পানির স্তর ধরে রাখতে সব মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। গতকাল মঙ্গলবার সংসদকে এ কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ভূগর্ভস্থ পানির স্তরসম্পর্কিত এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে খাওয়ার জন্য মাত্র ১০ শতাংশ পানি ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়। বাকি অংশ কৃষিখাতে ব্যবহৃত হয়। কাজেই পানির স্তর ধরে রাখার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। সরকার ইতিমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূপৃষ্ঠের পানি ব্যবহারের পদক্ষেপ গ্রহণ করেছে। সিলেট ও বরিশাল মহানগরী এবং গোপালগঞ্জ, পিরোজপুর, মৌলভীবাজার, চাঁদপুর, বান্দরবান ও নরসিংদীতে পানি শোধনাগার প্লান্টের মাধ্যমে নিরাপদ পানির চাহিদা মেটানো হচ্ছে।
মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা ওয়াসার পানির ২২ ভাগ ভূপৃষ্ঠের পানি থেকে সরবরাহ করা হচ্ছে। ২০২১ সাল নাগাদ এর হার ৭০ ভাগে উন্নীত করা হবে।