পানির হিস্যা আদায়ে ভারতকে চাপ দিচ্ছে সরকার: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জোট সরকার তিস্তাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পানির সকল হিস্যা আদায়ে ভারতকে চাপ দিয়ে আসছে।

আজ রোববার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও কনভেনশনে’ প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, তিস্তার পানি কমে যাওয়ায় রংপুর বিভাগের আট জেলা আজ মরুকরণ হতে চলেছে। তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির সমস্যা দ্রুত সমাধান করতে হবে। এ জন্য শুধু ভারত নয়, চীন ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও আলোচনার প্রয়োজন রয়েছে।
মেনন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারকে পানি চুক্তির ব্যাপারে আরও বলিষ্ট ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, ভারতে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাংলাদেশ সফর করেন। সফরে তিনি (মোদি) বলেছেন তিস্তাসহ সব নদীর পানির যে সমস্যা রয়েছে এসব সমস্যা সমাধান করা হবে। কিন্তু এসব কোনো সমস্যারই সমাধান হচ্ছে না। দিন দিন রংপুর অঞ্চল মরুভুমিতে পরিনত হচ্ছে। আবার বন্যায় অতিরিক্ত পানির কারণে কৃষকদের ফসল তলিয়ে যাচ্ছে। ভাঙনে সব কিছু হারিয়ে ফেলছে কৃষক। তাই কৃষকদের বাঁচাতে হবে। যে উদ্দেশ্যে তিস্তা ব্যারাজ নির্মাণ করা হয়েছে পানির অভাবে তাও আজ অকার্যকর হয়ে পড়ছে। তিস্তাসহ অন্যান্য নদীর পানির যে সমস্যা রয়েছে তা সমাধান করা না হলে হাজার হাজার একর ফসলি জমি নষ্ট হয়ে যাবে।
মেনন আরও বলেন, দেশের রাজনীতি মানুষকে বাঁচানোর। তাই নদী বাঁচানোর আন্দোলনে আমাদের সকলকে এগিয়ে আসবে হবে। সেই সঙ্গে নদীর পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন করতে হবে।
কনভেনশনের উদ্বোধন করেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংসদ ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও কনভেনশনের আহবায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কৃষক নেতা মাহমুদুল হাসান মানিক, অধ্যাপক মোজাহার আলী প্রমুখ।