পানিসংকট কাটছে না চট্টগ্রাম নগরে
চট্টগ্রাম নগরের বেশির ভাগ এলাকার মানুষ তীব্র পানিসংকটে ভুগছে। গভীর নলকূপগুলোর উৎপাদনক্ষমতা কমে যাওয়ায় এবং কয়েকটি এলাকায় পাম্প নষ্ট থাকায় এ সমস্যা তৈরি হয়েছে।
২৭ বছর ধরে নতুন কোনো প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় চাহিদার এক-তৃতীয়াংশ পানি পাচ্ছে নগরের অর্ধকোটি মানুষ। এর ওপর কোনো এলাকার পাম্প নষ্ট হলে বা নলকূপের গভীরতা কমে গেলে, সেটি বাসিন্দাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা অবস্থা তৈরি করে।
গরীবুল্লাহ শাহ এলাকার বাসিন্দা গৃহবধূ রহিমা আকতার জানান, দুই সপ্তাহ ধরে তাঁরা একেবারেই পানি পাচ্ছেন না। এতে করে দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। পানি কিনেও প্রয়োজন মেটানো যাচ্ছে না।
গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির সভাপতি মো. হারুন ক্ষোভের সঙ্গে বলেন, ‘ওয়াসা অফিস থেকে আমাদের এলাকার দূরত্ব মাত্র আধা কিলোমিটার। এত কাছে থেকেও আমরা পানি পাচ্ছি না। পানির অভাবে এখানকার ১০ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে।’
যোগাযোগ করা হলে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশ প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকার গভীর নলকূপটি প্রায় আট বছর আগে বসানো হয়েছিল। পুরোনো হয়ে যাওয়ায় এর উৎপাদনক্ষমতা চার ভাগের এক ভাগে নেমে এসেছে। এ কারণে স্বাভাবিকভাবেই সংকট বেড়েছে।’
তপন দাশ আরও জানান, এ বছর নতুন নলকূপ করার জন্য সরকারের কাছ থেকে কোনো টাকা পাওয়া যায়নি। তার পরও বিভিন্ন এলাকায় নতুন ১৫টি গভীর নলকূপ স্থাপনের জন্য টাকা জোগাড়ের চেষ্টা চলছে।
দীর্ঘদিন ধরে পাম্প নষ্ট হয়ে থাকায় একেবারেই পানি পাচ্ছে না জালালাবাদ এলাকার বাসিন্দারা।
ওয়াসার নির্বাহী প্রকৌশলী আরিফুল হক জানিয়েছেন, মেরামতের পর গত সোমবার গোয়ালপাড়া পাম্পটি চালু করা হয়েছে। ওই এলাকার মানুষ এখন পানি পাচ্ছে। জালালাবাদ পাম্পটি মেরামতের কাজ চলছে। দু-এক দিনের মধ্যে সেটিও চালু করা হবে।
ওয়াসা জানিয়েছে, নগরে বর্তমানে ৯৬টি গভীর নলকূপের মধ্যে এখন সচল রয়েছে ৯২টি। এর অনেকগুলোরই উৎপাদনক্ষমতা অর্ধেকের নিচে নেমে গেছে। নতুন করে কোনো নলকূপ বসাতে না পারায় এ মৌসুমে পানিসংকট তীব্র হয়েছে।
ওয়াসা সূত্রে জানা গেছে, চট্টগ্রামে পানির চাহিদা দৈনিক গড়ে ৫০ কোটি লিটার। বিপরীতে ওয়াসা উৎপাদন করতে পারছে দৈনিক ১৮ থেকে ১৯ কোটি লিটার পানি। বর্তমানে বিভিন্ন এলাকায় রেশনিংয়ের মাধ্যমে পানি দিচ্ছে ওয়াসা। তার পরও বায়েজিদ, চান্দগাঁও আবাসিক এলাকা, হালিশহর, লালখানবাজার এলাকার একাংশ, ঢেবারপাড় গরীবউল্লাহ শাহ হাউজিং সোসাইটি, জালালাবাদ হাউজিং সোসাইটি, পাহাড়তলী, শুলকবহরের একাংশ, বায়েজিদ বোস্তামী, শেরশাহ কলোনিসহ অনেক জায়গাতেই পানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।