পানিসংকটে গভীর রাতেও ছোটাছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড দাবদাহের সঙ্গে বেড়েছে পানির সংকট৷ নিরুপায় হয়ে ওয়াসার পাম্প হাউস ও মসজিদ-মন্দিরের মতো ধর্মীয় স্থানে ভিড় করছেন রাজধানীর অনেক এলাকার বাসিন্দারা৷ দিনে তো বটেই, রাতেও পানি সংগ্রহের জন্য ছুটতে হচ্ছে অনেককে৷ ছবিটি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস পাম্প এলাকা থেকে তোলা l হাসান রাজা
প্রচণ্ড দাবদাহের সঙ্গে বেড়েছে পানির সংকট৷ নিরুপায় হয়ে ওয়াসার পাম্প হাউস ও মসজিদ-মন্দিরের মতো ধর্মীয় স্থানে ভিড় করছেন রাজধানীর অনেক এলাকার বাসিন্দারা৷ দিনে তো বটেই, রাতেও পানি সংগ্রহের জন্য ছুটতে হচ্ছে অনেককে৷ ছবিটি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস পাম্প এলাকা থেকে তোলা l হাসান রাজা

বাসাবাড়িতে ওয়াসার পানির সরবরাহ কম বা আদৌ না থাকায় ওয়াসার পাম্প হাউস ও মসজিদ-মন্দিরের মতো ধর্মীয় স্থানে ভিড় করছেন রাজধানীর বহু মানুষ৷ গভীর রাতেও পানির জন্য ছোটাছুটি চলছে৷ সরবরাহ করা পানিতে দুর্গন্ধ নাগরিকদের ভোগান্তির আরেকটি কারণ৷
ঢাকা ওয়াসা বলছে, গরম বেড়ে যাওয়া এবং কয়েকটি পাম্প বিকল হয়ে পড়ায় পানির ‘কিছুটা সংকট’ চলছে৷ আর পানিতে দুর্গন্ধ হচ্ছে শীতলক্ষ্যা নদীর পানিতে শেওলার সৃষ্টি হওয়া এবং কয়েকটি এলাকায় স্থানীয়ভাবে পাইপলাইন ফেটে ময়লা পানি ঢুকে পড়ায়৷
বৃহস্পতিবার সন্ধ্যায় বাসাবো বৌদ্ধমন্দিরে গিয়ে দেখা যায়, নিজস্ব গভীর নলকূপের পানি সংগ্রহের স্থানটিতে অনেক মানুষের ভিড়৷ সেখানে টাঙানো সাইনবোর্ডে লেখা রয়েছে, সকাল সাতটা, দুপুর একটা এবং রাত আটটায় পানি নেওয়া যাবে৷ প্রতি বেলায় এক ঘণ্টা করে৷ তবে কর্তব্যরত একজন ভিক্ষু জানান, এখন মানুষের ভিড়ে সময়সূচি রক্ষা করা যাচ্ছে না৷ রাত ১১টায়ও ভিড় হয়৷ কেউ কেউ রিকশা-ভ্যানে করেও বেশি করে পানি নিয়ে যান৷ দুটি কল থেকে পাইপের সাহায্যে সবার পাত্রে পানি ভরে দেওয়া হয়৷
বৌদ্ধমন্দিরের কল থেকে পানি সংগ্রহ করতে এসেছিলেন আহম্মদবাগের গৃহিণী আনোয়ারা বেগম৷ তিনি জানালেন, বাসার কলে মাঝেমধ্যে পানিই আসছে না৷ এলেও দুর্গন্ধে ভরা৷ পানি নিতে এসে রিকশাভাড়া বাবদ চলে যাচ্ছে অনেক টাকা৷ ওয়াসাকে মাসিক বিলও দিতে হবে৷
আনোয়ারার মতো হাজার খানেক মানুষ প্রতিদিন বৌদ্ধমন্দির থেকে পানি সংগ্রহ করছেন৷ বাসাবো, কদমতলা ছাড়াও নন্দীপাড়া এমনকি ত্রিমোহনী এলাকার মানুষও আসছেন৷
সবুজবাগের রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দিরের কল থেকেও পানি সংগ্রহ করছেন চারপাশের অনেক মানুষ৷
রাজধানীর এই পূর্বাঞ্চলে বিভিন্ন স্থানে ওয়াসার পানি পান করে ঘরে ঘরে ডায়রিয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন অনেক ভুক্তভোগী৷ বৌদ্ধমন্দির থেকে

পানি নিতে আসা আবদুস সবুর বলেন, তাঁদের একান্নবর্তী পরিবারের পাঁচ শিশু ডায়রিয়ায় ভুগছে৷
গোপীবাগের ঢাকা রামকৃষ্ণ মিশনে স্থাপিত পাম্প থেকে পানি সংগ্রহ করেন বহু মানুষ৷ গতকাল শুক্রবার দুপুরে দেখা যায়, গোপীবাগ ছাড়াও পাশের অভয় দাস লেন, পেয়াদা পাড়ার বিভিন্ন এলাকার মানুষ কলসি, জেরিক্যানসহ বিভিন্ন ধরনের পাত্র নিয়ে এসেছেন৷ বিশেষ করে পেয়াদা পাড়ার প্রতিটি ঘরের মানুষকে বাইরে থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে বলে সেখানকার কয়েকজন বাসিন্দা জানান৷ রহমতউল্লাহ নামে প্রবীণ একজন বললেন, গরম বেড়েছে বলে নয়, অনেক দিন থেকেই এলাকায় পানির কষ্ট৷ ওয়াসার স্থানীয় কার্যালয়ে অভিযোগ জানানোর পরও কাজ হচ্ছে না৷
অতিরিক্ত চাহিদার জন্য রামকৃষ্ণ মিশনেও পানি দেওয়ার সময় রক্ষা করা যাচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷ রিকশা ভ্যানে, এমন কি প্রাইভেট কারে করেও এখান থেকে পানি নিয়ে যায় লোকে৷ মিশনের স্বামী বেদময়ানন্দ বলেন, তাঁদের নিজস্ব প্রয়োজনে বসানো গভীর নলকূপটি এখন এটি জনসেবায়ও লাগছে৷
রাজধানীর কমবেশি সব এলাকায়ই অনেক মসজিদ থেকে এলাকাবাসী পানি সংগ্রহ করছেন৷ মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং, শ্যামলী, মিরপুর কাজীপাড়া, মনিপুর, শেওড়াপাড়া, মগবাজার, আরামবাগ, ওয়ারীসহ বিভিন্ন এলাকার মানুষ স্থানীয় মসজিদ থেকে অন্তত খাওয়ার পানিটা সংগ্রহ করছেন বলে জানিয়েছেন৷
এদিকে ঘরে পানি না পেয়ে দিনে-রাতে ওয়াসার পাম্প হাউসগুলোতেও ভিড় করছেন সব বয়সের মানুষ৷ বাসাবো সালাম ডেইরির পাশের, বাসাবো মাঠ, গোপীবাগ বালুর মাঠ, নয়াটোলা এলাকায় অবস্থিত ওয়াসার পাম্পে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে৷ পাম্প থেকে পানি নিতে কিছু টাকা গুনতেও হয়৷ রাজারবাগ পুলিশ লাইনে স্থাপিত গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়ও মানুষের লাইন দেখা যায়৷ চামেলীবাগ এলাকার বাসিন্দা আবুল ওসমান রিকশায় বালতি ও হাঁড়ি নিয়ে এসেছেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘ওয়াসা পানির সমস্যা নেই বলে মিথ্যাচার করছে৷ তাই যদি হয়, এত রাতে পানি সংগ্রহে আসতে হলো কেন?’
পুরান ঢাকার ফরিদাবাদ রিভারভিউ পাম্পটি খারাপ হয়ে যাওয়ায় কয়েক দিন ধরে চারপাশে পানির মহাসংকট চলছে৷ একই অবস্থা আদাবরের মনসুরাবাদে৷ ওয়াসা বলছে এ দুটি পাম্প সারাতে আরও সাত-আট দিন লাগবে৷ নিউ ইস্কাটনের শান্তিকুঞ্জ ও পুরান ঢাকার নবাবপুর থেকেও অনেকে প্রথম আলোয় ফোন করে পানির চরম সমস্যার কথা জানিয়েছেন৷
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (উত্পাদন ও রক্ষণাবেক্ষণ) এ ডি এম কামরুল আলম চৌধুরী পানির সমস্যা বেড়েছে বলে স্বীকার করেন৷ তিনি কারণ হিসেবে গরম বেড়ে যাওয়া ও কিছুসংখ্যক পাম্প নষ্ট থাকার কথা বলেন৷ ওয়াসার পাম্প হাউস ছাড়াও বিভিন্ন এলাকায় ট্রলির সাহায্যে বিনা মূল্যে পানি দেওয়া হচ্ছে বলে দাবি করেন এ কর্মকর্তা৷
উপব্যবস্থাপনা পরিচালক বলেন, শীতলক্ষ্যা নদীর পানিতে সবুজ শেওলা অত্যধিক বেড়ে যাওয়ায় সায়েদাবাদ শোধনাগার থেকে সরবরাহ করা পানিতে একধরনের গন্ধ থাকছে৷ এ ছাড়া গোপীবাগ, বাসাবো, খিলগাঁওসহ বিভিন্ন স্থানে পানিতে দুর্গন্ধ থাকতে পারে স্থানীয় পাইপলাইন ফেটে ময়লা পানি ঢুকে যাওয়ার কারণে৷