রাজশাহী নগরের ২৫ নম্বর ওয়ার্ডে দুই মাস ধরে পানিসংকট চলছে। লোকজনকে পুকুরের নোংরা পানিতে গোসল ও ধোয়ামোছার কাজ করতে হচ্ছে। তাঁরা আশপাশের ওয়ার্ডের নলকূপ থেকে খাওয়ার পানি সংগ্রহ করছেন। স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে গত রোববার এলাকাবাসী ওয়াসার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন।
ভুক্তভোগীরা জানান, ২৫ নম্বর ওয়ার্ডের তালাইমারী নতুনপাড়া, বাবর আলী সড়ক, কবি গোলাম মোস্তফা সড়ক ও সিটি বাইপাস সড়ক এলাকায় দুই মাস ধরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তাঁদের ট্যাপে পানি আসছে না। গত বুধবার থেকে একেবারেই বন্ধ হয়ে গেছে।
ওয়াসার কার্যালয়ে প্রকৌশলীর কাছে অভিযোগ করতে আসা নগরের গোলাম মোস্তফা সড়ক এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকার বলেন, পানির কলে ১০ মিনিট যদি পানি আসে, তারপর আর দুই ঘণ্টা থাকে না। তিনি বলেন, ওয়াসার প্রকৌশলী তাঁদের সান্ত্বনা দিয়েছে বলেছেন, জার্মানি থেকে মেশিন আসছে। তাঁদের পানির সমস্যা আর থাকবে না।
রোববার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, তালাইমারী নতুনপাড়া এলাকার এক প্রান্তে একটি হস্তচালিত নলকূপ রয়েছে। সেখানে মহল্লার প্রায় অর্ধশত নারী কলসি নিয়ে পানির জন্য ভিড় করছেন।
গৃহিণী সখিনা বেগম বলেন, ‘রোজার দিন, কলে পানি নাই। দুই মাস ধরে এই কষ্ট করে দূর থেকে নলকূপের পানি নিয়ে যাচ্ছি। এই নলকূপের পানি কিছুক্ষণ পরেই লাল হয়ে যাচ্ছে। মুখে দেওয়া যায় না। মহল্লায় একটা নোংরা পুকুর আছে। তাতেই গোসল ও ধোয়ামোছার কাজ করতে হচ্ছে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমল হুদা নগরের তালাইমারী এলাকার একটি ছাত্রাবাসে থাকেন। দুই মাস থেকে তাঁদের পানির কষ্ট। বুধবার থেকে এই পানি একেবারেই বন্ধ হয়ে গেছে। সেহ্রি খাওয়ার সময় বিপদটা বেশি মনে হয়।
ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল আলম বলেন, তাঁর ওয়ার্ডের প্রায় ৮০ শতাংশ এলাকায় পানির সমস্যা দেখা দিয়েছে। শুধু ওয়াসার কর্মকর্তাদের উদাসীনতার কারণে এ সমস্যা হয়েছে। ব্যবস্থা না নিলে এলাকার লোকজনকে নিয়ে তিনি ওয়াসার কার্যালয়ে যাবেন।
রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী পাভেজ মামুদ বলেন, ‘পানির একটু সংকট হয়েছে। তবে পাম্প বসানো হয়েছে। আগামী সপ্তাহে হয়তো মেশিন এসে যাবে। মেশিন এলেই আর সমস্যা থাকবে না।’