পানিসম্পদ খাতে ভারতের প্রস্তাবে বাংলাদেশের সাড়া
পানিসম্পদ ব্যবস্থাপনায় ভারতের প্রস্তাবে সাড়া দিতে বাংলাদেশ এ মাসের শেষে প্রত্যাশার বিষয়টি জানাবে। ভারতীয় পানি ব্যবস্থাপনাবিষয়ক প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণ ও শিক্ষাবৃত্তির ক্ষেত্রে বাংলাদেশ কী ধরনের সহযোগিতা চায় তা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হবে।পানিসম্পদসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘ভারতের দেওয়া প্রস্তাবে সাড়া দিতে আগামী দু-এক সপ্তাহের মধ্যেই আমরা কী ধরনের সহযোগিতা পেতে চাই সে ব্যাপারে চিঠি দেব।’সচিব জানান, বন্যানিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ পানি, বৃষ্টির পানি ও আর্সেনিক ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ডিগ্রি দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। সম্প্রতি ভারতের পাঁচটি বিশেষায়িত প্রশিক্ষণকেন্দ্র সফরের সময় ভারত এই প্রস্তাব দেয়। প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ।২ থেকে ৮ জুন পানিসম্পদসচিবের নেতৃত্বে বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভারত সফর করে। তারা দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খন্ডের প্রতিষ্ঠানগুলো সফর করে। এ ছাড়া ৭ জুন প্রতিনিধিদল ইছামতী নদী খনন এলাকা দেখতে যায়। খননকাজ নিয়ে দুই দেশের কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। কাজটি শেষ হলে নদীতীরের ভাঙন বন্ধ হবে।প্রশিক্ষণকেন্দ্রগুলো দেখে বাংলাদেশের প্রতিনিধিরা মনে করছেন, দুই দেশের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা হলে লাভবান হবে বাংলাদেশ। কারণ সবগুলো প্রতিষ্ঠানই আন্তর্জাতিক মানের। তা ছাড়া পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য দক্ষ জনশক্তি তৈরিতে সুফল পাবে বাংলাদেশ। বিশেষ করে নলকূপে পানি তোলার পর বৃষ্টির পানির মাধ্যমে যেভাবে আর্সেনিক পরিশোধন করা হয়, তা অভিনব বলে আখ্যায়িত করেছেন প্রতিনিধিদলের এক সদস্য। প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণের পাশাপাশি বৃত্তির মাধ্যমে উচ্চতর ডিগ্রি দেওয়ারও প্রস্তাব দিয়েছে ভারত। এই প্রেক্ষাপটে বাংলাদেশের চাহিদা অনুযায়ী পাঠক্রম তৈরির বিষয়টি উল্লেখ করে অনুরোধ জানানো হবে।জানা গেছে, এ পর্যন্ত কোনো দেশ থেকে পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এ ধরনের সহযোগিতা নেয়নি বাংলাদেশ। পাশ্চাত্যের দেশগুলো থেকে এ ধরনের সহযোগিতার প্রস্তাব এলেও প্রায়োগিক দিক থেকে তার সুফলের বিষয়টি বিবেচনা করে তা গ্রহণ করা হয়নি। ভারতের প্রস্তাবটি গ্রহণ করা হলে তা দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় খুবই ফলপ্রসূ হবে বলে মনে করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।এদিকে তিস্তার পানি বণ্টনে অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের ব্যাপারে অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘এই সফরে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। দুই দেশ অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া বিনিময়ের পর তা পর্যালোচনা করছে।’সচিব আভাস দিয়েছেন, চলতি বছর এ বিষয়ে দুই প্রতিবেশী দেশের পানিসম্পদসচিবেরা আরেক দফা বৈঠকে বসবেন।