পানিসম্পদ ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াটার এইড আয়োজিত ‘ওয়াটারসেড: পাওয়ারিং সিটিজেনস’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। আজ রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো
ওয়াটার এইড আয়োজিত ‘ওয়াটারসেড: পাওয়ারিং সিটিজেনস’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। আজ রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো

পানি ও স্যানিটেশন খাতে বাংলাদেশের অর্জন কম নয়। তবে এই দুই খাতের উন্নয়নকে টেকসই করতে গেলে পানির উৎসের যথাযথ ব্যবস্থাপনা দরকার। পানিসম্পদের ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ততা জরুরি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্যই এটি দরকার।

পানি ও স্যানিটেশনের সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত ‘ওয়াটারসেড: এমপাওয়ারিং সিটিজেন’ শীর্ষক একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেছেন বক্তারা। আজ রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড। নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় ওয়াটার এইডসহ দুটি বেসরকারি সংগঠন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুয়েলিনেয়ার বলেন, ‘এসডিজি-৬-এ সবার জন্য নিরাপদ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের যে লক্ষ্য নির্ধারণ করা আছে, তা অর্জনে সরকারের সঙ্গে বেসরকারি সংগঠনগুলোর সম্পৃক্ততা জরুরি। আমাদের প্রান্তের মানুষের কথা শুনতে হবে, তাদের মতামতকে বিবেচনা করতে হবে।’

পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক মো. শরাফত হোসেন খান বলেন, ‘কয়েক দশকে মানুষের পানির প্রাপ্যতা বেড়েছে। তবে আমরা ভূগর্ভস্থ পানির প্রতি নির্ভরশীল হচ্ছি দিন দিন। ভূগর্ভস্থ পানির ৮০ শতাংশই সেচের কাজে চলে যায়। ১০ শতাংশ গৃহস্থালি ও শিল্প খাতে চলে যাচ্ছে।’ তিনি আরও বলেন, শুকনো মৌসুমে পানির প্রাপ্যতা দুই-তৃতীয়াংশ কমে যায়। জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সাল নাগাদ এরও এক-তৃতীয়াংশ কমে যাবে বলে ধারণা হরা হচ্ছে। এ জন্য পানির উৎসের সঠিক ব্যবস্থাপনা এখন অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে ওয়াটার এইডের বাংলাদেশীয় প্রধান খায়রুল ইসলাম বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় সব মানুষকে সম্পৃক্ত করতে হলে প্রান্তের মানুষের কথা যাতে কেন্দ্রে এসে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। মানুষ কোথায় গিয়ে তার অধিকারের কথা বলবে, তাকে সেই জায়গার সন্ধান দিতে হবে।

আজকের অনুষ্ঠানে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, সিমাভির জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা সারা আহারারি, ওয়াটার এইডের কর্মসূচি ও অ্যাডভোকেসি বিভাগের পরিচালক লিয়াকত আলী প্রমুখ।