পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজে সংসদীয় কমিটির অসন্তোষ
পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছে এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বিশেষ করে আইলাদুর্গত এলাকা ও নদীর তীর রক্ষা প্রকল্পে নানা অনিয়ম হচ্ছে বলে কমিটি উল্লেখ করেছে। এসব অনিয়ম তদন্তে একটি সংসদীয় উপকমিটিও গঠন করা হয়েছে।গতকাল রোববার কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান কমিটির সভাপতি ও সাবেক পানিসম্পদমন্ত্রী আবদুর রাজ্জাক। আবদুর রাজ্জাক বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা চায় সংসদীয় কমিটি। এর আগেও কমিটি এ ব্যাপারে কাজ করেছে। এবার মন্ত্রণালয়ের একাধিক কাজের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবদুর রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড় আইলা-উপদ্রুত এলাকায় বাঁধ নির্মাণ নিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা খুঁজে দেখা দরকার। বাঁধ ঠিকমতো নির্মাণ করা হয়নি—এমন অভিযোগ নিয়ে স্থানীয় জনগণের মধ্যেও ক্ষোভ রয়েছে।আবদুর রাজ্জাক বলেন, এসব অভিযোগের ভিত্তিতে আইলা ও নদীর তীর রক্ষা প্রকল্পের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে ফজলুল আজিমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন আবদুর রহিম এবং এ বি এম আনোয়ারুল হক। কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।সীমান্তবর্তী এলাকার নদীর তীর ভেঙে যাচ্ছে উল্লেখ করে আবদুর রাজ্জাক বলেন, সীমান্ত এলাকার নদীর তীর রক্ষায় বাঁধ নির্মাণে ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।