পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী আজ ভবদহে আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আজ বৃহস্পতিবার যশোরের জলাবদ্ধ ভবদহ এলাকা সফরে আসছেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলামও তাঁর সঙ্গে থাকবেন। তাঁরা ভবদহ-সংলগ্ন এলাকা পরিদর্শন এবং এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মণ্ডল বলেন, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ ও প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম ভবদহ-সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন। দুপুর ১২টায় তাঁরা উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিদহ-পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত জনসাধারণ, জোয়ারাধার (টিআরএম) প্রকল্পের সুবিধাভোগী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবীর এবং অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল) মো. মাহফুজুর রহমান উপস্থিত থাকবেন।
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের পানিনিষ্কাশনের একমাত্র মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদ নাব্যতা হারিয়েছে। ফলে নদ দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। এই অবস্থায় গত বছরের আগস্টের ভারী বৃষ্টিতে ভবদহের বেশির ভাগ অংশ তলিয়ে যায়। বিল উপচে পানি ঢোকে বিলসংলগ্ন গ্রামগুলোয়। এতে পনিবন্দী হয়ে পড়ে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় তিন লাখ মানুষ। জলাবদ্ধতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে জনদুর্ভোগ। এরপর ভবদহে শ্রী ও হরি নদে মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে পাইলট চ্যানেল কাটার কাজ শুরু করে পাউবো। এতে নদে স্রোত বৃদ্ধি পায়। বাড়িঘর থেকে পানি নেমে যায়। তবে বিলগুলো ভরে আছে পানিতে। এসব বিলে চলতি মৌসুমে বোরো চাষ অনিশ্চয়তার মুখে পড়েছে।