পানিসম্পদমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ!
পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান সম্পর্কে অশালীন, অশোভন ও অসৌজন্যমূলক কথা বলার অভিযোগ তুলে গতকাল রোববার দুপুরে জেলা ছাত্রলীগ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রীর বিরুদ্ধে এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি পঞ্চগড় জেলা ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের ঢাকার সরকারি বাসভবনে সাক্ষাৎ করতে যান। তাঁরা মন্ত্রীর সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করে মন্ত্রীকে পঞ্চগড়ে আসার আমন্ত্রণ জানান। এতে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান সম্পর্কে কটূক্তি করেন। একই সঙ্গে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের আক্রমণাত্মক ভাষায় কথা বলে তাঁদের অপমানিত করেন। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাহাদ পারভেজ, রনি ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, মেজবাওয়নুল করিম, প্রচার সম্পাদক মো. স্বপন পারভেজ, তোফায়েল হোসেন প্রমুখ।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মুঠোফোনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বাসায় তো অনেকেই আসেন। কারও সম্পর্কে কোনো বিরূপ বা অশোভন মন্তব্য করিনি। কে কী করল বা বলল তাতে আমার কিছু যায়-আসে না। আমি সীমান্ত নদীর তীর সংরক্ষণ কাজগুলো দ্রুত শেষ করতে চাই।’