পানিসম্পদমন্ত্রীকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল ইসলাম মাহমুদ
আনিসুল ইসলাম মাহমুদ

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। আজ বৃহস্পতিবার বিকেলে জেড আই খানের পক্ষে সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক এ নোটিশ পাঠান।
নোটিশে সংবিধান লঙ্ঘনের দায়ে ১৫ নভেম্বরের মধ্যে মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। অন্যথায় হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
পানিসম্পদমন্ত্রীর সচিবালয়ের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের কার্যালয়ের নিবন্ধককেও তার কপি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, মন্ত্রী থাকা অবস্থায় লাভজনক দুটি কোম্পানির পরিচালনার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ জড়িত রয়েছেন, যা সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এর ফলে তিনি মন্ত্রী থাকার অযোগ্য হয়ে পড়েছেন। এ কারণে ১৫ নভেম্বরের মধ্যে তাঁর পদত্যাগ দাবি করে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তিনি আর জানান, আরও তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে একই ধরনের আইনি নোটিশ পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

নোটিশে বলা হয়েছে, মন্ত্রী হওয়ার পরও আনিসুল ইসলাম মাহমুদ শাশা ডেনিমসের পরিচালক ও এনার্জিস পাওয়ার করপোরেশনের চেয়ারম্যান পদে আছেন।
এর আগে গত ৩১ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘মন্ত্রী হয়েও তাঁরা কোম্পানির পরিচালক’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে আনিসুল ইসলাম মাহমুদসহ চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর কোম্পানির পরিচালনার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছিল।
নোটিশে প্রথম আলোর ওই প্রতিবেদনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।