জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদদের ক্ষোভের মুখে পড়েন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। এমনকি মন্ত্রণালয়ের ওপর তাঁর কোনো কর্তৃত্ব আছে কি না, এ নিয়েও প্রশ্ন তোলা হয়।নেত্রকোনা-৩ আসনের সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের ওপর মন্ত্রীর কোনো কর্তৃত্ব আছে কি না, তা জানতে চাই। সাড়ে তিন বছরে আমি তাঁকে চারটি ডিও লেটার দিয়েছি। উনি বলেছেন, ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। কিন্তু আমার এলাকায় কোনো কাজ হয়নি। সাড়ে তিন বছর তিনি হচ্ছে-হবে বলে কাটিয়েছেন। আমার প্রশ্ন, মন্ত্রণালয়ের লোকেরা উনার কথা শোনেন কি না।’ এ বক্তব্যের পর মঞ্জুর কাদের কোরাইশীকে উত্তেজিত না হয়ে শান্ত হতে বলেন ডেপুটি স্পিকার শওকত আলী। এরপর মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশে ৩১০টি নদী রয়েছে। বর্ষা মৌসুমে তা ৬০০ থেকে ৭০০ পর্যন্ত হয়ে যায়। পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে এত নদী নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে মঞ্জুর কাদের কোরাইশীর নির্বাচনী এলাকায় বেড়িবাঁধগুলো নির্মাণ করা হবে বলে তিনি আবারও আশ্বাস দেন। আরেক সাংসদ আবদুল মান্নান বলেন, পানিসম্পদমন্ত্রী বর্ষা মৌসুমে নদী ভাঙার কাজ করেন না বলে জানিয়েছেন। উনি শুকনো মৌসুমে করেন। আবার শুকনো মৌসুমে টাকাও থাকে না। কিন্তু আমরা যারা নদীভাঙা এলাকা থেকে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে এখানে এসেছি, তাদের কী হবে? জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমাদের এত নদী, সকল নদীর ভাঙন একসঙ্গে দেখা সম্ভব নয়।’ এ সময় জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক বলেন, সাড়ে তিন বছরে এ খাতে কোনো কাজই হয়নি। আর দেড় বছরে কিছু হবে বলে মনে হয় না। আওয়ামী লীগের মোশতাক আহমেদ রুহী বলেন, নেত্রকোনায় আমার নির্বাচনী এলাকায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। অথচ আজ অবধি সেখানে কোনো কাজ হয়নি। এলাকাবাসীর কাছে কী জবাব দেব?প্রকল্প বাস্তবায়নে অর্থসংকটের কথা তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রত্যেকের এলাকাতেই কিছু কিছু করে প্রকল্প নিতে হয়। যতটুকু আছে তার মধ্য থেকেই সাধ্যমতো চেষ্টা করি প্রকল্প ভাগ করে দিতে। নদীভাঙন এলাকায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এত নদী যে আমরা কুলিয়ে উঠতে পারি না।’ভারত পানি স্থানান্তরের মহাপরিকল্পনা নিয়েছে: হোসেন মুকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, ভারত ৩৭টি নদীর ৩০টি সংযোগের মাধ্যমে পানি স্থানান্তরের একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা গেছে। ৩০টি সংযোগের মধ্যে ১৪টি হিমালয়ের নদী এবং ১৬টি পেনিনসুলার নদী। এ প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্রের পানি গঙ্গায় স্থানান্তরের পরিকল্পনাও আছে বলে জানা গেছে। এ বিষয়ে গত ৬ মার্চ বাংলাদেশ তাদের উদ্বেগের কথা জানিয়েছে ভারতকে। ৭ মে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না, যা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। সাড়ে তিন বছরে ১৭টি বিশেষ আইন পাস: সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী আইনসহ বর্তমান সরকার এ পর্যন্ত ১৭টি বিশেষ আইন পাস করেছে। একই সঙ্গে আরও ১১টি বিশেষ আইনের সংশোধনী পাস করেছে। সামগ্রিক বিচারব্যবস্থা সংস্কারের লক্ষ্যে দেশের সব অধস্তন আদালতকে পর্যায়ক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েব নেটওয়ার্কের মধ্যে আনা হচ্ছে। জলবায়ুর পরিবর্তনে মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব: ফরিদুন্নাহার লাইলীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, জলবায়ুর পরিবর্তনের কারণে দেশের মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। কমে যাচ্ছে মাছের প্রাকৃতিক আবাসস্থল, প্রজনন ও লালনক্ষেত্র। মাছের আচরণগত বৈশিষ্ট্যে পরিবর্তন আসছে। মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে মাছের প্রাকৃতিক প্রজনন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পুকুর ও দিঘির পানির স্তর কমে যাচ্ছে। ইলিশ মাছের বিচরণক্ষেত্র পরিবর্তনের বিষয়েও কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন।