পানিসম্পদের অব্যবস্থাপনায় উন্নয়ন টেকসই হচ্ছে না। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খাদ্য উৎপাদনপ্রক্রিয়ায় পরিবর্তন জরুরি, যাতে কম পানির ব্যবহার নিশ্চিত করা যায়। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষায় পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা উচিত।
বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘পানি ও টেকসই উন্নয়ন’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই অভিমত প্রকাশ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পলিসি সাপোর্ট ইউনিট, জাতিসংঘ তথ্যকেন্দ্র, ইউনিসেফ, বিশ্বব্যাংক, অক্সফাম, বাংলাদেশ ওয়াশ অ্যালায়েন্স ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি, শিল্প, খাদ্য, শক্তি সম্পদ খাতসহ সামগ্রিক জনস্বাস্থ্য এবং আর্থসামাজিক উন্নয়নে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে উন্নয়ন কার্যক্রমে সুপরিকল্পিতভাবে পানিসম্পদের ব্যবহার হচ্ছে না। পানিসম্পদের অপরিকল্পিত ব্যবস্থাপনা ভবিষ্যতে প্রবল পানিসংকটসহ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক এ আতিক রহমান। এ বছরের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য: পানির সহজপ্রাপ্তি টেকসই উন্নয়নের ভিত্তি। এ বিষয়ের ওপর ভিত্তি করে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক আনোয়ার জাহিদ।
প্রবন্ধে বলা হয়, জাতিসংঘ টেকসই উন্নয়ন কার্যক্রমে পানির সুষ্ঠু ব্যবহারের অপরিহার্যতা তুলে ধরে সাতটি খাত নির্ধারণ করেছে। এগুলো হচ্ছে পানি ও স্বাস্থ্য, পানি ও প্রকৃতি, পানি ও নগরায়ণ, পানি ও শিল্প, পানি ও শক্তিসম্পদ, পানি ও খাদ্য এবং পানি ও সমতা। পানির অপরিকল্পিত ব্যবহার, গুণগত মান এবং নিরাপদ পানির পরিমাণ কমিয়ে দিচ্ছে। ফলে ভূগর্ভস্থ এবং ভূ-উপরিস্থ উভয় ধরনের পানির উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময় বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী নিরাপদ পানি সরবরাহের সুবিধা পেলেও আর্সেনিকসহ অন্যান্য সমস্যা দেখা দেওয়ায় বর্তমানে তা কমে ৮৮ শতাংশে দাঁড়িয়েছে। বিভিন্ন দুর্গম ও পিছিয়ে পড়া অঞ্চলে মাত্র ২৪ শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় অংশ নেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ফিরোজ আহমেদ, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) গবেষক সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা নাসরিন। বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদা আহসান, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ।