পানিসাশ্রয়ী প্রযুক্তি (এডব্লিউডি) ব্যবহারের ফলে ধানের উৎপাদন খরচ ২০ শতাংশ কমে যায়। পানির ব্যবহার কমে ২৫ থেকে ৩০ শতাংশ। এই প্রযুক্তি ব্যবহার করে প্রতি দুই হেক্টর জমিতে ধানের উৎপাদন এক টন করে বেড়েছে। দেশের ৮৩ শতাংশ কৃষক এখন নতুন এই প্রযুক্তি ব্যবহার করে সুফল পাচ্ছেন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) সমীক্ষায় এ কথা বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এক কর্মশালায় পানিসাশ্রয়ী প্রযুক্তি নিয়ে সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়। সমীক্ষায় দেখা গেছে, এই প্রযুক্তি ব্যবহার করলে ৩০ শতাংশ ডিজেলের খরচ কমে। আর্সেনিকের ঝুঁকি কমে। গাছ থেকে মিথেন গ্যাস নিঃসরণও কমে।ইরি ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় এডব্লিউডি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এ প্রযুক্তি ব্যবহার করলে জমি চাষের পুরো সময় ভিজিয়ে রাখার দরকার হয় না। পর্যায়ক্রমে জমি ভিজিয়ে আবার শুকালে পানি কম লাগে ও ফলন বেশি হয়।জমিতে কী পরিমাণ পানি প্রয়োজন, তা বোঝার জন্য ধানখেতে ৭ থেকে ১০ সেন্টিমিটার ব্যাসের ও ৩০ সেন্টিমিটার লম্বা ছিদ্রযুক্ত প্লাস্টিকের নল জমিতে গেড়ে দিতে হয়। এক একর জমির ধানখেতে দুই থেকে তিনটি পাইপ বসাতে হবে। নলের ভেতর পানি জমে থাকলে বা মাটি ভিজে থাকলে বুঝতে হয়, জমিতে পানি দেওয়ার দরকার নেই।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ার ফারুক বলেন, এই প্রযুক্তি কৃষক পর্যায়ে জনপ্রিয় হচ্ছে। আগামী বোরো মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আরও বেশি এলাকায় এই প্রযুক্তি জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।ইরির গবেষকেরা জানান, দেশে অঞ্চল ভেদে এক কেজি ধান উৎপাদনে কৃষকেরা তিন থেকে পাঁচ হাজার লিটার পানি ব্যবহার করেন, যা প্রয়োজনের প্রায় দ্বিগুণ। বীজ বপনকালে ও ধানগাছ বেড়ে উঠতে থাকলে সব সময় সেচ না দিয়ে পর্যায়ক্রমে জমি ভিজিয়ে রাখার মাধ্যমে পানির ব্যবহার কমানো যায়।ইরির গবেষণা পরিচালক হামিদ মিঞার স্বাগত বক্তব্য শেষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির গবেষক নাজমুল হোসেইন। ইরির বাংলাদেশের পরিচালক জয়নাল আবেদিনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের গবেষক ও বিজ্ঞানীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।