স্বাস্থ্যখাতে অগ্রযাত্রার ৫০ : ৩৬ পর্ব
পানি–স্যানিটেশন দেশের স্বাস্থ্যকে এগিয়ে নিয়েছে
স্বাস্থ্যের অগ্রগতিতে বহু খাতের নানা ভূমিকা আছে। পানি ও স্যানিটেশন সে রকমই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, পানি বিশুদ্ধ না হলে স্বাস্থ্য অটুট থাকে না, নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এই ঝুঁকি মোকাবিলার কাজটি বাংলাদেশ করে চলেছে স্বাধীনতার পর থেকে।
পানির মতো স্বাস্থ্যের ওপর প্রভাব আছে স্যানিটেশন বা পয়োব্যবস্থার। মানসম্পন্ন পয়োব্যবস্থা মানুষের স্বাস্থ্য সুরক্ষা দেয়। পয়োব্যবস্থা ভালো হলে মানুষ রোগব্যাধি থেকে দূরে থাকে। এর ইতিবাচক প্রভাব পড়ে স্বাস্থ্যে। বাংলাদেশ এর উদাহরণ।
পানি ও পয়োব্যবস্থার উন্নতিতে অবদান রেখেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ইউনিসেফের মতো জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, একাধিক দেশি ও বিদেশি এনজিও। এ ব্যাপারে মানুষকে সচেতন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে দেশের গণমাধ্যম। সব মিলে বিশুদ্ধ পানি সরবরাহ ও মানসম্পন্ন পয়োব্যবস্থার সম্প্রসারণ বাংলাদেশে একটি সামাজিক আন্দোলনের চেহারা পেয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়োব্যবস্থার উন্নতি মূলত একই কর্মসূচি হিসেবে বাস্তবায়িত হয়ে এসেছে।
গত পাঁচ দশকে পানি ও পয়োব্যবস্থার উন্নতিতে সব সময় রাজনৈতিক অঙ্গীকার দেখা গেছে। সরকারের পরিবর্তন ঘটলেও নীতি, কর্মসূচিতে তার কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। সরকার প্রকল্পের পর প্রকল্প অনুমোদন দিয়েছে এবং সব সময় অর্থ বরাদ্দ অব্যাহত রেখেছে। সরকার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে বরাদ্দের ২০ শতাংশ পানি ও স্যানিটেশন খাতে রাখা বাধ্যতামূলক করেছিল।
স্বাধীনতার পর দেশের জনসংখ্যা যা ছিল, এখন তার চেয়ে অনেক বেশি মানুষ মানসম্পন্ন পানি পায়।
বেশি মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রথমার যৌথ উদ্যোগে প্রকাশিতব্য স্বাধীনতার পঞ্চাশ বছর: বাংলাদেশের স্বাস্থ্য খাত বইয়ে বলা হয়েছে, স্বাধীনতার সময় দেশে ১ লাখ ৮৫ হাজার নলকূপ ছিল। ৩৭৫ জন মানুষের জন্য নলকূপ ছিল একটি। পাইপের মাধ্যমে পানি সরবরাহব্যবস্থা ছিল ৭৬টি পৌরসভার মধ্যে ৩০টিতে। তবে এসব পৌরসভায় বসবাসকারী সবার জন্য এই পানির ব্যবস্থা ছিল না।
প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) থেকেই গভীর ও অগভীর নলকূপের জন্য অর্থ বরাদ্দ শুরু হয়। গত শতকের সত্তরের দশকের শেষ ভাগ থেকে শুরু করে নব্বইয়ের দশকজুড়ে সারা দেশে ব্যাপকভাবে নলকূপ বসতে থাকে।
সরকার, দাতাগোষ্ঠী, দেশি ও আন্তর্জাতিক এনজিও এবং সাধারণ মানুষের প্রচেষ্টায় পানি ও স্যানিটেশন খাতে বাংলাদেশের অর্জন উল্লেখযোগ্য। এই অর্জন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাস্থ্যের উন্নতিতে অবদান রেখেছে।
পয়োব্যবস্থাপনায় যুক্ত সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান
স্বাধীনতার সময় জনসংখ্যার ঠিক কত শতাংশ মানুষ মানসম্পন্ন পয়োব্যবস্থার আওতায় ছিল, সেই পরিসংখ্যান পাওয়া কঠিন। তবে স্বাধীনতার পঞ্চাশ বছর: বাংলাদেশের স্বাস্থ্য খাত বইয়ের গবেষকেরা বলছেন, ‘অনুমান করা হয় যে বাংলাদেশে সে সময় স্যানিটেশনের কভারেজ ছিল এক শতাংশের নিচে।’ একমাত্র ঢাকা শহরের কিছু এলাকায় পাইপের মাধ্যমে পয়োনিষ্কাশনের ব্যবস্থা ছিল।
সত্তরের দশকেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গ্রামাঞ্চলে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য ল্যাট্রিন বানানোর নানা উপাদান তৈরি শুরু করে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্বব্যাংক এই কাজে যুক্ত হয়। দেশের বিভিন্ন স্থানে দুই হাজারের বেশি ল্যাট্রিন তৈরির কেন্দ্র গড়ে ওঠে। সরকার, এনজিও ছাড়াও ব্যক্তিমালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান এই কাজে যুক্ত হয়।
সুবিধা পেয়েছে স্বাস্থ্য খাত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কলেরা, ডায়রিয়া, আমাশয়, হেপাটাইটিস এ, টাইফয়েড, পোলিও—এসব রোগের সংক্রমণের সঙ্গে দূষিত বা অপরিষ্কার পানি ও দুর্বল পয়োব্যবস্থার সম্পর্ক আছে।
বাংলাদেশে পোলিও নির্মূল হয়েছে। টাইফয়েডের প্রকোপ অনেক কমে গেছে। সারা দেশে আগের মতো ডায়রিয়াজনিত প্রকোপ নেই। ডায়রিয়াজনিত রোগে মৃত্যুও অনেক কমেছে। পয়োব্যবস্থার উন্নতির কারণে কৃমিজনিত রোগ কমেছে। শিশু পুষ্টির উন্নতিতে ভূমিকা রেখেছে বিশুদ্ধ পানির ব্যবহার বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা । দেশে একসময় সংক্রামক রোগে বেশি মৃত্যু ঘটত, এখন ৬৭ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ। সংক্রামক রোগের প্রকোপ কমে যাওয়ার অন্যতম কারণ বিশুদ্ধ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলা।
ওয়াটার এইডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান মো. খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকার, দাতাগোষ্ঠী, দেশি ও আন্তর্জাতিক এনজিও এবং সাধারণ মানুষের প্রচেষ্টায় পানি ও স্যানিটেশন খাতে বাংলাদেশের অর্জন উল্লেখযোগ্য। এই অর্জন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাস্থ্যের উন্নতিতে অবদান রেখেছে। পানি ও স্যানিটেশন খাতে কিছু চ্যালেঞ্জ এখনো আছে। সেগুলো অতিক্রম করা সম্ভব হলে দেশের মানুষের স্বাস্থ্য আরও ভালো হবে।’