পানীয় জল, শৌচাগারের অভাব
ফরিদপুরে বন্যাকবলিত মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল, বেড়িবাঁধ ও সড়কের পাশে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এগুলোকেই আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। বিশুদ্ধ পানি ও শৌচাগারের অভাবে এসব আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া বন্যাদুর্গত মানুষ মানবেতর জীবনযাপন করছে।ফরিদপুর সদরের অন্যতম বন্যাদুর্গত এলাকা হচ্ছে আলীয়াবাদ ইউনিয়ন। এ ইউনিয়নে ১২টি আশ্রয়কেন্দ্রে ৩৩৫টি পরিবারের প্রায় দেড় হাজার লোক আশ্রয় নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বক্ষব্যাধি হাসপাতালের সামনে ও পেছনে ভুবনেশ্বর নদের পাড়ে আশ্রয় নিয়েছে ৭০টি পরিবার। এখানে আশ্রয় নেওয়া রিজিয়া বেগম জানান, এলাকায় সবার বাড়িতেই পানি। কোনো বাড়িতে থাকার জো নেই। এখানে নলকূপ আছে, কিন্তু কোনো শৌচাগার। তিনি বলেন, ‘গাং ঝাপাইয়া মাইনসের বাড়ি যাইতে হয় (প্রাকৃতিক ক্রিয়া সারতে)।’একই এলাকার রানী বেগম বলেন, ‘১০ কেজি চাইল পাইছি। মাথা গোঁজার জন্য পাটখড়ি দিয়া যে বেড়া দিছি তা কোনো কাজে আসেনি। পরশু দিন (মঙ্গলবার) সারা রাইত বৃষ্টি হইছে। বইসা বইসা ভিজতে হইছে। অনেকে পলিথিন পাইলেও আমরা কিছু পাই নাই।’গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ১১টি পরিবার। কেন্দ্রটির চারদিকে পানি। পানিতে না নেমে কোনো কাজ করা যায় না। এখানে ছেলেমেয়েকে নিয়ে থাকেন আনোয়ারা বেগম। তিনি বলেন, ‘নলকূপ ও টয়লেটের ব্যবস্থা থাকলেও খাবার নাই। একবার ১০ কেজি চাইল পাইছি তা শেষ হইয়া গেছে।’ফরিদপুর-চরভদ্রাসন পাকা সড়কের পাশে আশ্রয় নিয়েছে ৫০টি পরিবার। তারা পাটখড়ির চাল ও কাপড়ের বেড়া দিয়ে ছাপরা তুলে বসবাস করছে। এখানে আশ্রয় নেওয়া তাসলিমা বেগম বলেন, ‘১৬ দিন ধইরা এখানে পইড়া আছি। রোজা ও ঈদ করছি পানি ঝাপাইয়া।’ভাজনডাঙ্গা এলাকার মো. নূরুল ইসলাম জানান, ভাজনডাঙ্গা এলাকার ৩০টি নলকূপের সবই ডুবে গেছে। এক কিলোমিটার দূরে অন্য বাড়ি থেকে পানি আনতে হচ্ছে তাঁদের।সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলায় আশ্রয় নিয়েছে ১৯টি পরিবার। এখানে আশ্রয় নেওয়া মজিরন বেগম বলেন, ‘ঘরে কোমরসমান পানি। তাই এখানে চইলা আইছি। একটি নলকূপ আছে স্কুলে। গত বুধবার থেকে ঘোলা পানি উঠছে। খাওয়া যায় না। টয়লেট করার সুযোগ নাই। তালা মাইরা রাখছে।’কাদেরের মোড় বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে ৬৫টি পরিবার। সেখানে টয়লেটের ব্যবস্থা থাকলেও পাশের নলকূপের পানি পান করা যায় না অতিরিক্ত আয়রন থাকার কারণে। এখানে আশ্রয় নেওয়া লিটন মোল্যা জানান, বাথরুমের সমস্যা নেই। তবে খাবার পানির সমস্যা। দেড় কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়।কাদেরের মোড় বেড়িবাঁধে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একটি কেন্দ্র খোলা হয়েছে। এ কেন্দ্রে গিয়ে কথা হয় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠ কর্মকর্তা এ কে নূর মোহাম্মদ ও মো. জামাল উদ্দীনের সঙ্গে। তিনি দাবি করেন, ইউনিয়নের ১২টি আশ্রয়কেন্দ্রে ২৮টি অস্থায়ী শৌচাগার ও তিনটি নলকূপ দেওয়া হয়েছে। সাতটি নলকূপ উঁচু করা হয়েছে। গত বুধবার পর্যন্ত এক হাজার ৪০০ পানি বিশুদ্ধকরণ বড়ি ও ১৪ কেজি ব্লিসিং পাউডার বিতরণ করা হয়েছে। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আশ্রয়কেন্দ্রে কিছু শৌচাগার দিয়েছি। আরও শৌচাগার বানাতে দেওয়া হয়েছে। স্লাবগুলো না শুকালে বসানো যাচ্ছে না। তবে আগামী তিন-চার দিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।’ তিনি জানান, বিশুদ্ধ পানির জন্য পানির ক্যান দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১০০ পরিবারকে পাঁচ লিটার করে পানি আজ শুক্রবারের মধ্যেই দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।