পানীয় জলের নিশ্চয়তা চায় চালনা পৌরবাসী
খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। এ নিয়ে পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দোয়া, আশীর্বাদ ও সমর্থন পেতে এলাকা চষে বেড়াচ্ছেন। ভোটারদের আশা, নতুন মেয়র ও কাউন্সিলররা পৌরবাসীর সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের সংকট দূর করবেন।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৪ সালের ১৭ নভেম্বর খুলনার দাকোপ উপজেলা সদর চালনাকে পৌরসভা করা হয়। এর পর থেকে কখনো দলীয় নেতা, আবার কখনো সরকারি কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি এই পৌরসভার ভোট গ্রহণ হবে। ৯ দশমিক ৪৯ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় ভোটারসংখ্যা ৯ হাজার ৪৮১। ইতিমধ্যে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেতে তাঁদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোটাররা এলাকার উন্নয়নে প্রার্থীদের পরিকল্পনা জানতে চাচ্ছেন।চালনা পৌরসভার প্রথম নির্বাচন নিয়ে আইনজীবী চিত্তরঞ্জন সরকার বলেন, নির্বাচন নিয়ে পৌরবাসী খুবই আনন্দিত। কেননা নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, দাকোপ দেশের দুর্যোগপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম। প্রাকৃতিক দুর্যোগে এখানকার উন্নয়ন বাধাগ্রস্ত এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে এ অঞ্চলের সাধারণ মানুষ পর্যুদস্ত। মানুষ আশা করে, এ নির্বাচনের মধ্য দিয়ে এলাকার নানাবিধ সমস্যার সমাধান হবে।ব্যবসায়ী রুহুল আমিন বলেন, চালনায় অনেক সমস্যা রয়েছে। এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে পানীয় জলের সংকট। উৎসগুলোর পানি লবণাক্ত হওয়ায় মানুষ পানীয় জলের সংকটে ভুগছে। পৌরসভা করা হলেও রাস্তাঘাট সেভাবে গড়ে ওঠেনি, নেই পয়োনিষ্কাশনের ব্যবস্থাও। সড়কে বাতি নেই, নেই শহররক্ষা বাঁধ। চালনা সদর থেকে খুলনা মহানগর পর্যন্ত ২৮ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। প্রার্থীরা এসব সমস্যা সমাধানের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।চাকরিজীবী দীপক রায় বললেন, ‘প্রথম নির্বাচন হতে যাচ্ছে দেখে অন্যান্যের মতো আমারও খুব ভালো লাগছে। তবে পৌরসভা হওয়ার পর পৌরবাসীকে যে সেবা দেওয়ার কথা, তার কিছুই এখানে হয়নি। সুপেয় খাওয়ার পানির মারাত্মক সংকট, রাস্তাঘাট গড়ে ওঠেনি, বিদ্যুৎ-সংকট, স্বাস্থ্যসেবা অপ্রতুল, মশার উপদ্রব ইত্যাদি সমস্যায় পৌরবাসী অতিষ্ঠ। তারা এসব সমস্যার সমাধান চাই। আমরা সেই সব প্রার্থীকেই নির্বাচিত করব, যিনি পৌরবাসীর মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করবেন এবং সেবা না দিয়ে কর বাড়াবেন না।’ একই কথা বলেন চালনা ডিগ্রি কলেজের প্রভাষক সঞ্জয় কুমার সাহা ও গৃহবধূ জবেদা বেগম।