পানের বরজ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের নির্মল চৌধুরীর পানের বরজ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত শুক্রবার ওই পানচাষি আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।নির্মল চৌধুরী বলেন, ‘বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে পানের বরজ করেছিলাম। ভালো ফলন হয়েছিল। আশা ছিল পান বিক্রি করে ঋণ শোধ করব। এখন কী দিয়ে ঋণ শোধ করব আর কী দিয়ে পরিবার-পরিজন নিয়ে বাঁচব বুঝতে পারছি না।’পুলিশ ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, নির্মল চৌধুরী দীর্ঘদিন যাবৎ অন্যের জমি ইজারা নিয়ে পান চাষ করে আসছেন। গত বছর তিনি তাঁর বাড়ির পাশে নিজের পৈতৃক ৪০ শতাংশ জমিতে দুই শতাধিক সারিতে পানের বরজ করেন। ফলনও ভালোই হয়।নির্মল চৌধুরী জানান, এ বছর শীত মৌসুমে তীব্র শীতে পানের বরজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অধিকাংশ বরজের পান ঝরে যায়। ওই দুর্যোগের মধ্যে শত চেষ্টা ও পরিশ্রম করে তিনি তাঁর বরজের পান রক্ষা করেন। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বরজে অতিরিক্ত বিষ প্রয়োগ করে। শুক্রবার সকালে তিনি বরজে গিয়ে দেখেন পানের লতা ঢলে শুকিয়ে যাচ্ছে। তবে কে বা কারা এ কাজ করেছেন তা তিনি জানেন না। তিনি তাৎক্ষণিকভাবে গৈলা ইউনিয়নে কর্তব্যরত আগৈলঝাড়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জাফর ইকবালের শরণাপন্ন হন।জাফর ইকবাল জানান, ক্ষতিগ্রস্ত পানবরজের লতা ও মাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বরজের পান নষ্ট হওয়ায় চাষির ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পানের বরজে ডিটারজেন্ট কিংবা মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করলে পানের লতা ও পাতা পানিশূন্য হয়ে শুকিয়ে যেতে পারে।