পানের বরজে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পানের বরজে ধারাবাহিক আগুনের পর এবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আগুনে পুড়েছে তিন বিঘা জমির পানের বরজ। গত সোমবার বিকেলে জীবননগর উপজেলার খয়েরহুদা বয়ারগাড়ী মাঠে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের ক্ষতিগ্রস্ত পানচাষি রুহুল আমিন জানান, কে বা কারা শত্রুতামূলকভাবে প্রথমে তাঁর পানের বরজে আগুন দেয়। এরপর তা ক্রমে তাঁর সহোদর ভাই জালাল উদ্দিন ও প্রতিবেশী শরিফুল ইসলামের পানের বরজে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশে নদী, পুকুর, নলকুপ বা পানির কোনো উৎস না থাকায় বরজের মালিক ও আশপাশের লোকজন বাধ্য হয়েই দাঁড়িয়ে দাঁঁড়িয়ে দেখতে থাকে। খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আওয়াল হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নিজেই মুঠোফোনে চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক দল চুয়াডাঙ্গা থেকে ২৫ কিলোমিটার দূরের খয়েরহুদা গ্রামে পৌঁছায়। কিন্তু গাড়িতে প্রয়োজনীয় পানি না থাকায় এক কিলোমিটার দূরের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর কাজ শুরু করে তারা। ততক্ষণে তিনটি বরজই পুড়ে ছাই হয়ে যায়। ইউএনও মো. আওয়াল হোসেন জানান, আগুনে পুড়ে যাওয়া তিনটি বরজের মালিকই দরিদ্র। এই অগ্নিকাণ্ডের কারণে তাঁরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সম্ভাব্য সহযোগিতা করা হবে।