পান্তা, ‘চডা’ ও পানি দিয়েই ইফতার
‘পান্তা ভাত ধুইয়া রাখছি, আর ২ টাহা দিয়া এক প্যাকেট রাস্না (এক ধরনের পানীয়) কিন্যা আনছি। এইয়া দিয়াই ইফতার করমু।’ ইফতারি কী দিয়ে করবেন, জানতে চাইলে এ কথা বলেন বরিশাল নগরের হতদরিদ্র গোলাম মোস্তফা (৮০)।একই এলাকার এক দিনমজুরের স্ত্রী তানিয়া বেগম (২৫) বলেন, ‘মুই রোজা খুলি চডা (চালের এক ধরনের পিঠা) দিয়া।’বরিশাল নগরের উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা যখন চড়া দামের রকমারি খাবার দিয়ে ইফতার করেন, ঠিক তখন একই নগরের গোলাম মোস্তফা ও ও তানিয়া বেগমের মতো হতদরিদ্ররা পান্তাভাত, চিঁড়া ও চডা দিয়ে ইফতার করেন।রোববার সরেজমিনে নগরের কলাপট্টি, আড়তদার পট্টি, বালুর মাঠ, পলাশপুর এলাকায় গিয়ে দিনমজুর ও শ্রমজীবী মানুষকে অতি সাধারণ ইফতারসামগ্রী নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। এসব মানুষের ইফতারির আয়োজনে ছিল পান্তাভাত, চডা, চিঁড়া, বুট, মুড়ি ও পেঁয়াজু।নগরের পলাশপুর দুই নম্বর এলাকার নারীশ্রমিক নিলুফা বেগম বলেন, ‘আইজ ৫ টাহার চিঁড়া আর মুড়ি কিনছি। যেদিন কিছু আনতে না পারি হেদিন পান্তাভাত খাইয়াই রোজা খোলতে (ইফতার করতে) হয়।’আড়তদারপট্টির সুফিয়া বেগম বলেন, ‘পানি দিয়া ইফতার করব। মাঝেমইধ্যে বুট মুড়ি জোটে।’বালুর মাঠের মুক্তার হোসেন, বিলাসী বেগম, কলাপট্টির মো. হাসান, সুলতানা বেগম, দুলফা বেগম, কুলসুম বেগম, দুলু বেগম ও মর্জিনা বেগমসহ ওই সব এলকার অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করেন।কলাপট্টির কলেজপড়ুয়া শিউলি বেগম বলেন, ‘বাবা হাড়ভাঙ্গা পরিশ্রম করে আমার পড়ার খরচ জোগাড় করে। গরিব মানুষ আবার ইফতারির জন্য আলাদা খরচ করা সম্ভব হয় না। কোনোমতে সামান্য বুট-মুড়ি, পান্তা দিয়েই ইফতার করতে হয়।’