পান্তা-ইলিশ খেয়ে কর্মকর্তারা অসুস্থ
পয়লা বৈশাখের পান্তা-ইলিশ খেয়ে বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) উপজেলা প্রশাসনের প্রায় সব কর্মকর্তা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে বাসায় চিকিৎসা নিলেও গতকাল বৃহস্পতিবার অনেকে কর্মস্থলে যোগ দিতে পারেননি। ফলে গতকাল উপজেলার বেশির ভাগ সরকারি কার্যালয়ে প্রশাসনিক কাজকর্ম হয়নি।স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার সকালে আমতলী প্রেসক্লাবে পান্তা-ইলিশ খাওয়ার কর্মসূচিতে যোগ দেন ইউএনও নাসির-উদ-দৌলা, আমলি আদালতের ম্যাজিস্ট্রেট সফিকুল আলম, সহকারী পুলিশ সুপার আহসানুল আজিমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তারা। পরে বাসায় ফিরে বিকেলে তাঁরা পেটে ব্যথা অনুভব করেন। সন্ধ্যায় অনেকের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। আমতলী হাসপাতালের চিকিৎসকেরা কর্মকর্তাদের বাসায় বাসায় গিয়ে চিকিৎসা দেন।ইউএনও নাসির-উদ-দৌলা জানান, তিনি দুপুর থেকেই কিছুটা অস্বস্তি বোধ করতে থাকেন, রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। উপজেলা আমলি আদালতের ম্যাজিস্ট্রেট শফিকুল আলম জানান, রাত নয়টার দিকে তাঁর বমি ও পাতলা পায়খানা শুরু হয়।এইভাবে সহকারী পুলিশ সুপার আহসানুল আজিম, সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বোরহান উদ্দিন, সমবায় কর্মকর্তা এবায়দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজ সেবা কর্মকর্তা মঞ্জুরুল হাসান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মঞ্জুরুল হাসান, নির্বাচন কর্মকর্তা আ. রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম সিকদার ও সাংবাদিক পরিতোষ কর্মকার অসুস্থ হয়ে পড়েন। গতকাল সব সরকারি-বেসরকারি কার্যালয় খোলা থাকলেও অসুস্থ থাকায় অধিকাংশ কার্যালয়ের প্রধানেরা কর্মস্থলে যোগ দিতে পারেননি। ফলে অনেকটা অঘোষিত ছুটি ভোগ করেন অন্য কর্মকর্তা-কর্মচারীরা। আমতলী হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা এম এ খালেক নিজাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমে ও খাদ্যে বিষক্রিয়ায় এমনটি হয়েছে। তবে কর্মকর্তাদের সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়ায় আর কোনো সমস্যা নেই।