পান্তা-পুতুল-বাঁশিতে বিপুল আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বাঁশি। লাল-সবুজ-নীল বাঁশিতে মাতোয়ারা রমনা পার্ক, চারুকলা ও টিএসসির পুরো নববর্ষ আয়োজন। ছবি: প্রথম আলো
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বাঁশি। লাল-সবুজ-নীল বাঁশিতে মাতোয়ারা রমনা পার্ক, চারুকলা ও টিএসসির পুরো নববর্ষ আয়োজন। ছবি: প্রথম আলো

কেউ বলছে ‘ভুভুজেলা’, কেউবা ‘প্লাস্টিকের বাঁশি; কারও কাছে তা ‘চায়না বোমা’, কেউবা বলছে ‘সানাই’। নাম যা-ই হোক না কেন, বাংলা নববর্ষের উৎসবে রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, টিএসসি, কলাভবন আর কার্জন হল-সবখানেই শোনা যাচ্ছে এই বাঁশির প্যাঁ-পো। ছোট-বড় সবার হাতে এ বাঁশি। অন্য কোনো দিন হলে এই কান-ঝালাপালা করা শব্দে অনেকেই বিরক্ত হতেন। আজ নববর্ষ বলে এ নিয়ে কারও কোনো বিরক্তি নেই। বরং সবাই মেনে নিয়েছেন-এমন দিনে এই আনন্দের উচ্ছ্বাস না থাকলে কি চলে?
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনার বটমূলে (অশ্বত্থ গাছের তলায়) ‘এসো হে বৈশাখ...’ গানে স্বাগত জানানো হয় নতুন বছরকে। সেখানে নানা শ্রেণি ও পেশার মানুষের ভিড়। মেয়েরা পড়েছে লাল-সাদা শাড়ি। কেউ সাজ কনের, কারওবা গ্রাম্যবধূর। হাতভর্তি চুড়ি, মুখে মুখোশ, পরনে লালশাড়ি। কাঁখে আবার কলস। এমন বেশে বাবার কোলে চড়েই বটমূলে হাজির ছোট শিশু। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টির মধ্যে পার্কের প্রবেশ মুখে লম্বা লাইন পার হয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। স্ক্যানারের যান্ত্রিক তল্লাশির পর মিলছে ভেতরে যাওয়ার সুযোগ।
ওদিকে পল্টন থেকে সড়ক বন্ধ করে দেওয়ায় মতিঝিল থেকে মেয়েকে কাঁধে নিয়ে নববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন এহসানুল হক। নববর্ষ উদ্‌যাপনের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে নববর্ষের উৎসবে সব সময় যোগ দিয়েছেন। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে আসছেন। এখন নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে মেয়ে।
এহসানুল বলেন, ‘নববর্ষ উপলক্ষে রমনার বটমূলে নানা আয়োজনের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়। ছোটবেলা থেকে মেয়ের সঙ্গে এসবের পরিচয় করিয়ে দিতে চাই।’
রমনার বটমূল এসেছেন বেসরকারি অফিসের চাকরিজীবী নাসরিন আক্তার। এর আগে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে পড়া দুই মেয়ে। তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার এ দেশে উৎসব বলতে তো এই নববর্ষই। অন্য দিনগুলোতে পারিবারিক ব্যস্ততার কারণে বের হওয়া যায় না। নববর্ষে বাঙালির নানা ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মেয়েদের নিয়ে এসেছেন।
নববর্ষে এসে কী দেখেছো-জানতে চাইলে নাসরিনের মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী তানহা বলে, ‘সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছি। চারুকলায় নাগরদোলায় চড়েছি, পুতুল নাচ দেখেছি। এখন বাঁশি কিনব।’
রমনার বটমূলের অনুষ্ঠানের পাশাপাশি উত্তর দিকে আরেকটি ছোট মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করছেন। অনেকে আবার ছোট ছোট জটলা করে গান করছেন। কেউবা করছেন পথনাটক।
চারুকলায় মঙ্গল শোভাযাত্রা শেষে মঙ্গলের প্রতীকগুলোকে ঘিরে ছবি তুলছেন অনেকে। তুলছেন সেলফি। চারুকলার ভেতরে ছেলেকে নিয়ে পুতুল নাচ দেখার জন্য টিকিট কেটেছেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আনোয়ারা বেগম। নববর্ষে উপলক্ষে সবার মঙ্গল কামনা করে তিনি বলেন, ‘সব হানাহানি বন্ধ করে সবাই মিলে সুখে-শান্তিতে থাকুক-এটাই কামনা।’
ছেলে আইরান বলে, ‘জীবনে কোনো দিন পুতুল নাচ দেখিনি। আজ দেখব। ভীষণ এক্সাইটেড (রোমাঞ্চিত) আমি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধনের উদ্যোগে চলছে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ। পাশেই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে কবিতা আবৃতি।
নববর্ষ উপলক্ষে টিএসসিতে শিক্ষার্থীরা যেমন ঘুরতে আসেন, তেমনি আসেন বাইরের লোকজন। এমনই একজন পুরান ঢাকার শাঁখারি বাজারের সৌমেন সেন ও তাঁর নববিবাহিতা স্ত্রী পূজা সেন। সৌমেন বলেন, ‘এর আগে প্রতি বছরই একা একা নববর্ষে এখানে আসতাম। বিয়ের পর এবার দুজনে এলাম। ব্যবসায়িক ব্যস্ততার কারণে ঘুরে বেড়ানোর সময় হয় না। তাই আজ এলাম।’
রমনা পার্ক থেকে চারুকলা যাওয়ার পথটিতে নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। একতারা, দোতারা, ডুগডুগি থেকে শুরু করে ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিস সবই রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের আমতলায় চলছে শিশুদের বর্ষবরণ অনুষ্ঠান। কলাভবনের ঠিক সামনেই বাংলা বিভাগের উদ্যোগে চলছে বর্ষবরণের অনুষ্ঠান। আর লাইব্রেরির সামনে পান্তা-ইলিশের আয়োজন।
এই বিপুল আয়োজনে শামিল হতে চাইলে আসতে হবে বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই। কারণ পুলিশের কড়া নির্দেশনা-এই সময়ের মধ্যে শেষ করতে হবে বৈশাখের সব অনুষ্ঠান।