পান্তাপাড়া সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে। একই দাবিতে উপজেলার পান্তাপাড়া এলাকায় গতকাল রোববার মানববন্ধন করা হয়।বাংলাদেশ মসজিদ মিশন নামের একটি সংগঠনের মাদারীপুর শাখার উদ্যোগে গতকাল সকাল ১০টায় এ মানববন্ধন হয়। গত শুক্রবার নির্মাণাধীন পান্তাপাড়া সেতুর বিকল্প সড়কে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন নিহত হয়। ওই স্থানেই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির মাদারীপুর শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন করা হয়।মানববন্ধন শেষে বাংলাদেশ মসজিদ মিশন মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটি কালকিনি শাখার সভাপতি মিজানুর রহমান, শফিক স্বপন, মো. জাকির হোসেন ও শাহাবুদ্দিন খান বক্তব্য দেন। সময়মতো কাজ শেষ না করায় পান্তাপাড়া সেতুর ঠিকাদারের শাস্তি দাবি করেন বক্তারা। অবিলম্বে কাজ শেষ না করলে বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানান তাঁরা।