পান্থকুঞ্জ পার্কে বর্জ্য স্থানান্তর স্টেশন নির্মাণ বন্ধের নির্দেশ
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পান্থকুঞ্জ পার্ক-সংলগ্ন এলাকা ও পার্কের ভেতরে বর্জ্য স্থানান্তর স্টেশন নির্মাণ কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ১১ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।
পান্থকুঞ্জ পার্কের ভেতরে শর্ত পূরণ না করে ওই স্টেশন নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট আবেদনটি করে। প্রাথমিক শুনানি নিয়ে ১ ডিসেম্বর আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ওই স্টেশন নির্মাণে অবস্থানগত ছাড়পত্রের শর্ত পূরণ করা হয়েছে কি না বা কোনো শর্ত লঙ্ঘন করা হয়েছে কি না, এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। তিনি প্রথম আলোকে বলেন, অবস্থানগত ছাড়পত্রের কয়েকটি শর্ত ভঙ্গ করা হয়েছে বলে প্রতিবেদনে এসেছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে বর্জ্য স্টেশন নির্মাণের কথা জানানো হয়নি। আদালত ওই স্টেশনটির নির্মাণ বন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন।