রাজধানীর কারওয়ানবাজার পান্থকুঞ্জ পার্কের পাশে নির্মাণাধীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন নির্মাণ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে আজ বুধবার এ রায় দেন। রিট আবেদনকারী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।
পান্থকুঞ্জ পার্কের পশ্চিম পাশের রাস্তার দিকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিএস) গড়ে তুলছিল। ২০১৪ সালের ৩০ এপ্রিল এ উদ্দেশ্যে তারা পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে শর্তসাপেক্ষে অবস্থানগত ছাড়পত্র নেয়। কিন্তু সিটি করপোরেশন যে জায়গার জন্য অবস্থানগত ছাড়পত্র নিয়েছে, নির্মাণকাজ সেখানে সীমাবদ্ধ রাখেনি। বরং পার্কের ভেতরে দক্ষিণ-পশ্চিম পাশে প্রায় ৫০ ফুট ভেতরে ওই এসটিএসের নির্মাণকাজ শুরু করে এবং বেশ কয়েকটি গাছ কেটে ফেলে।
এ নিয়ে বেলা গত বছর হাইকোর্টে একটি রিট আবেদন করে। আবেদনটির প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১ ডিসেম্বর আদালত রুল দিয়ে সরকারের কাছে জানতে চান, পান্থকুঞ্জ পার্কের পাশে এসটিএস নির্মাণের জন্য ছাড়পত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না। পরে এ বছরের ৭ জানুয়ারি পান্থকুঞ্জ পার্ক ও সংলগ্ন রাস্তায় সব ধরনের স্থাপনা নির্মাণ ও পার্ক ধ্বংসকারী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন আদালত। পূর্ণাঙ্গ শুনানি শেষে হাইকোর্ট আগের নিষেধাজ্ঞা বহাল রেখে পান্থকুঞ্জ পার্ক এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ভবন নির্মাণ অবৈধ ঘোষণা করেন।