পান্থকুঞ্জে আধুনিক শৌচাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির নকশার মতো করে পান্থকুঞ্জ পার্কে নির্মাণ করা হচ্ছে একটি আধুনিক শৌচাগার l ছবি: সংগৃ​হীত
ছবির নকশার মতো করে পান্থকুঞ্জ পার্কে নির্মাণ করা হচ্ছে একটি আধুনিক শৌচাগার l ছবি: সংগৃ​হীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ডের পান্থকুঞ্জে একটি আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে। ঈদুল আজহার পর এটা সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।
গতকাল বুধবার সেখানে গিয়ে দেখা যায়, পান্থকুঞ্জের পশ্চিম পাশে একতলা শৌচাগার ভবনের নির্মাণকাজ শেষ। বর্তমানে সজ্জার কাজ চলছে। ভেতরে ও বাইরে টাইলস, স্যানিটারি সামগ্রী, বসানো, বিদ্যুৎ, পানি সংযোগ, পয়ো ও পানিনিষ্কাশনব্যবস্থা করা হচ্ছে।
ডিএসসিসি ও ঢাকা ওয়াসার সহযোগিতায় শৌচাগারটি নির্মাণ করছে ওয়াটার এইড বাংলাদেশ। ‘পাবলিক টয়লেট নির্মাণ/ পুনর্নির্মাণ, সংস্কার এবং ফুটপাত ও পদচারী-সেতুর নিচে স্থায়ী অথবা স্থানান্তরযোগ্য গণশৌচাগার স্থাপন এবং এসবের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ’ প্রকল্পে এটি নির্মিত হচ্ছে।
শৌচাগারটির আয়তন প্রায় এক হাজার তিন শ বর্গফুট। নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৬০ লাখ টাকা। এতে পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা আছে। নারীদের জন্য পাঁচটি, প্রতিবন্ধীদের জন্য একটি এবং পুরুষের জন্য চারটি আলাদা শৌচাগার ও পাঁচটি ইউরিনাল আছে। নারী ও পুরুষের জন্য পর্যাপ্ত প্রসাধনসামগ্রী, অজু, গোসল ও খাবার পানি পানের ব্যবস্থাও রাখা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মীরা সব সময় এটি পরিষ্কার রাখবে। বিদ্যুৎ সংযোগ ছাড়াও এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (আইপিএস) থাকবে।
ওয়াটার এইড বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, ‘প্রায় ৮০ শতাংশ কাজ হয়েছে। মাস দেড়েকের মধ্যে শৌচাগারটি খুলবে। আধুনিক বৈশিষ্ট্যসংবলিত এই শৌচাগারে ব্যবহারকারীর জন্য সব রকমের সুবিধা থাকবে।’
জানা গেছে, শৌচাগার ২৪ ঘণ্টা খোলা থাকবে। একজন নারী ও দুজন পুরুষ নিরাপত্তারক্ষী এর দেখাশোনা করবেন। চাহিদা অনুযায়ী ব্যবহারকারীরা ২ থেকে ১০ টাকার মধ্যে সেবা নিতে পারবেন। নিরাপত্তার জন্য লাগানো হবে ক্লোজড সার্কিট ক্যামেরা। এর তদারক করবে ডিএসসিসি।
২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর এম এ হামিদ খান বলেন, আগামী সপ্তাহেই পান্থকুঞ্জের ভেতর ও বাইরে থেকে সব স্থাপনা এবং বসতি উচ্ছেদ করা হবে। কোরবানির ঈদের পর যত দ্রুত সম্ভব শৌচাগার সবার ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। তিনি বলেন, এই প্রকল্পে ২১ নম্বর ওয়ার্ডে আরও দুটি আধুনিক শৌচাগার নির্মাণ করার পরিকল্পনা আছে। এর একটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায়। অন্যটির জন্য জায়গা নির্বাচন চলছে। প্রাথমিকভাবে শাহবাগের ফুল মার্কেট এলাকায় এটা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।