পান্থপথ ও কারওয়ান বাজারে উচ্ছেদ

রাজধানীর পান্থপথ ও কারওয়ান বাজারে গতকাল বুধবার পৃথকভাবে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
গতকাল বেলা ১১টায় ডিএসসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুনের নেতৃত্বে পান্থকুঞ্জ পার্কের পশ্চিম পাশ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় এই এলাকার সড়কের দুপাশের প্রায় ২০টি অস্থায়ী চায়ের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে পান্থপথ সড়কের পূর্ব মাথা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় সড়কের ফুটপাতে রাখা ৩০ থেকে ৪০টি আসবাব বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে পান্থকুঞ্জ পার্ক এলাকায় উচ্ছেদ অভিযানের খবর পেয়ে আগেই এই ফুটপাত থেকে মালামাল সরিয়ে নিয়েছেন অধিকাংশ ব্যবসায়ী। বিকেল পাঁচটার দিকে পান্থকুঞ্জ পার্ক ও পান্থপথে আবার অবৈধ দোকানপাট বসতে দেখা গেছে।
ডিএনসিসি: গতকাল বেলা ১১টায় কারওয়ান বাজারে ফুটপাত দখল করে থাকা প্রায় ৪০টি অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করেছে ডিএনসিসি। এ সময় সড়কে রাখা বিভিন্ন ধরনের কাঁচামাল জব্দ করা হয়।