পান্থপথ সড়ক উন্মুক্ত
রাজধানীর সোনারগাঁও বীর উত্তম সি আর দত্ত সড়কে সুন্দরবন হোটেল-সংলগ্ন এনবিএল টুইন টাওয়ার নির্মাণস্থলের পাশে ভূমিধসের ঘটনার পর গতকাল রোববার সকালে পান্থপথ সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয়। তবে সন্ধ্যার দিকে আবারও বন্ধ করে দেওয়া হয় সড়কটি। এরপর রাত সাড়ে নয়টার দিকে আবার উন্মুক্ত করা হয়।
সুন্দরবন হোটেল-সংলগ্ন স্থানে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে বুধবার সকাল সাতটার কিছু পরে। পরদিন রাতে দুই দফা ধসের পর নিরাপত্তাজনিত কারণে পান্থপথ সড়কটি বন্ধ করে দেওয়া হয়। শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ঘটনাস্থলে এসে ঘোষণা দেন, রোববার সকালে সড়কটি খুলে দেওয়া হবে। সেইমতো খুলেও দেওয়া হয়।
গতকাল এনবিএল টুইন টাওয়ার সীমানার ভেতরে প্রথমবারের মতো এনবিএলের নিজস্ব গুদামঘরটিও বসে যায়। নির্মাণস্থলের পশ্চিম প্রান্তে প্রায় এক হাজার বর্গফুটের লালরঙের টিনশেড এই ঘরটির মাটি সরে যায় গতকাল বিকেলে। একই সঙ্গে সেখানে সীমানা দেয়ালও ধসে যায়। পরে পান্থপথ সড়ক বন্ধ করে দেওয়া হয়। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ফখরুল আমীন ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে মেয়র সাঈদ খোকন ও রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহমান ঘটনাস্থলে আসেন। পরে যানজট এড়াতে সড়কটি আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।