পান্থপথে শিক্ষার্থীদের অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল সোমবার সকালে রাজধানীর পান্থপথে সড়ক অবরোধ, দোকান ও গাড়ি ভাঙচুর করেছে ঢাকা পাবলিক কলেজের শিক্ষার্থীরা। ভাঙচুরে বাধা দিলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের অবরোধে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ হয়ে ছিল পান্থপথ সড়ক।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়লে একজন আহত হয়। আহত গোলাম কিবরিয়া (১৭) উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পান্থপথ শমরিতা হাসপাতালের পাশেই ঢাকা পাবলিক কলেজ ভবন। প্রত্যক্ষদর্শী ও কলাবাগান থানার পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছোড়ে। ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা বসুন্ধরা সিটির সামনের ফুটপাতের চায়ের দোকান ও আসবাবের দোকানে হামলা চালায়। তারা কাঁঠালবাগানের গলিতে দাঁড়িয়ে থাকা চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা জোট হয়ে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গেলে ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার আশ্বাস দিলে সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। আন্দোলনরত শিক্ষার্থী রাসেল, শোভন ও ফয়সাল জানায়, কয়েক দিন আগে কলেজের এক কর্মকর্তা একজন শিক্ষককে মারধর করেন। অধ্যক্ষ ওই কর্মকর্তার পক্ষ নিয়ে তাঁকে রক্ষা করছেন। তারা অধ্যক্ষ ও ওই কর্মকর্তার অপসারণ চায়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়নি। শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে কথা বলতে কলেজে গিয়ে অধ্যক্ষ মোস্তফা কামালকে পাওয়া যায়নি।