পান্না বালার ওপর হামলাকারীদের বিচার দাবি
ফরিদপুরে প্রথম আলোর প্রতিনিধি পান্না বালার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ফরিদপুর প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানান স্থানীয় সাংবাদিকেরা।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি তুলে দেন ফরিদপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিকসহ কয়েকজন কর্মকর্তা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান উজ্জামান স্বাক্ষরিত স্মারকলিপিতে পান্না বালাসহ সব সাংবাদিকের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আবেদন জানান তাঁরা।
স্মারকলিপি পেয়ে জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, ‘এ ঘটনায় আইনগত পদক্ষেপ মূলত পুলিশই নেবে। তবে এ ব্যাপারে আমার সার্বিক সহযোগিতা থাকবে।’
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য আব্দুল মতিন ফকির, ফরিদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ রিপন, সাধারণ সম্পাদক মো. হাসান উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাবের সাংবাদিকেরা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে একই দাবিতে স্মারকলিপি দেন। স্মারকলিপি হাতে নিয়ে পুলিশ সুপার জামিল হাসান বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার রাতে সাংবাদিক পান্না বালা দাপ্তরিক কাজ শেষ করে শহরের ইমামউদ্দিন স্কয়ারের পাশের সংবাদপত্র বিক্রয়কেন্দ্র থেকে বাসায় ফিরছিলেন। পথে অজ্ঞাতনামা ছয়-সাতজন তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনি আহত হন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।